বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র বা ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তুলতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সেভাবেই উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতেন। বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। সরকার চায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এমন মানে উন্নীত করতে, যাতে বিদেশি শিক্ষার্থীরাও আবার বাংলাদেশে পড়তে আগ্রহী হন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি ‘এডুকেশন হাব’ হিসেবে পরিচিতি পাবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা মেধাবী। বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল ও সুনাম অর্জন করছেন। দেশের এই মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই।
তিনি আরও বলেন, কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই অঞ্চলের অর্থনীতি, কৃষি ও শিল্পের চাহিদাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। নওগাঁ যেহেতু আমসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য পরিচিত, তাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়টিতে ফুড টেকনোলজিসহ কৃষিভিত্তিক নতুন বিভাগ চালুর সুযোগ রয়েছে।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ ছাড়া নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

