বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে পরিবেশ রক্ষা ও বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিতে এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। এ সময় পরিবেশকর্মীরা মেছো বিড়ালকে বাঘ বা হিংস্র প্রাণী ভেবে হত্যা না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় গ্রীন কোয়ালিশন এবং পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অব সুসং যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির শুরুতে পৌর শহরের নাজিরপুর মোড়ে প্রেসক্লাবের সামনের সড়কে পরিবেশকর্মী, সংবাদকর্মী ও স্থানীয়দের অংশগ্রহণে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে মেছো বিড়ালকে ভুলবশত বাঘ বা হিংস্র প্রাণী মনে করে হত্যা না করার বিষয়ে জনসচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি পরিবেশের জন্য উপকারী এই প্রাণীটির সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এরপর স্বেচ্ছাসেবকরা দেয়ালে মেছো বিড়ালের পোস্টার প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের মধ্যে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মেছো বিড়ালের খাদ্যাভ্যাস, জীবনযাপন ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে সেভ দ্য এনিমেলস অব সুসং-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্ব মেছো বিড়াল দিবস পালন করা হচ্ছে।
বিডি প্রতিদিন

