মদনপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া হিরণ
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া হিরণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি একাত্মতা প্রকাশ করে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর) মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাউসার যুবসমাজের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম ভুঁইয়া হিরণ মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদককে কোনো ছাড় দেওয়া হবে না; হয় মাদক ব্যবসায়ীরা থাকবে, না হয় এই মদনপুরে সভ্য সমাজের মানুষ থাকবে।
মদনপুর ইউনিয়ন থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ যুদ্ধ ঘোষণা করলাম। আপনারা ভালো হয়ে যান, নতুবা মদনপুর ছেড়ে চলে যান—আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মদনপুরে কোনো প্রশাসনিক কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় কিংবা সুরক্ষা দিলে তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইনশাআল্লাহ, মদনপুরকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ উদ্যোগ অব্যাহত থাকবে। এ সময় তিনি মাদক নির্মূলে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, এলাকার কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁরা আরও বলেন, মদনপুর ইউনিয়নে বসবাস করতে হলে ভালো মানুষ হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
এ সময় বক্তারা লাউসার বাজারে খুঁটির সঙ্গে বেঁধে মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ কারণ ছাড়া রাত ১২টার পর যুবকদের ঘরের বাইরে ঘোরাফেরা না করার নির্দেশনা দেওয়া হয়।
মদনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম মনা ও বর্তমান মেম্বার হাজী মোহাম্মদ সাদেকুর রহমান সাদেকের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বন্দর উপজেলা বিএনপির সহসভাপতি মো. রহিম মির, বন্দর উপজেলা বিএনপির নেতা মো. সিকদার প্রধান, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. খোকন প্রধান, ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. বাদল মিয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রাসেল প্রধান এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ গোলজার হোসেন, সাবেক মেম্বার মোহাম্মদ হোসেন মুন্সীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাশেদ, নজরুল, ফারুক, প্রিন্স রুবেল, মহসিন প্রধান ও আবুল।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার শত শত যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


