পরিসংখ্যানকে মানদণ্ড ধরলে হয়তো ২০২৪ সাল মেহেদী হাসান মিরাজের টেস্ট ক্যারিয়ারের সেরা বছর। চলতি বছর এখন পর্যন্ত মিরাজের সংগ্রহ ৪৬১ রান। ব্যাটিং পজিশন অনুযায়ী এ বছর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেন মিরাজ। ডানহাতি টাইগার ক্রিকেটারের আগে আছেন কেবল শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। লঙ্কান এই ব্যাটার করেছেন ৬৩৪ রান।
কোন পজিশনে ব্যাটে করে আসলে সেরাদের সঙ্গে যুক্ত হলেন মিরাজ, সেটা স্পষ্ট করা যাক। এ বছর টেস্ট ক্রিকেটে সাত থেকে এগারো নম্বর পজিশনে ব্যাটিং করেছেন এমন ব্যাটারদের মধ্যে শ্রীলঙ্কার লোওয়ার মিডলঅর্ডার কামিন্দু মেন্ডিসের রান সর্বোচ্চ; ৬৩৪ রান। এই তালিকায় মিরাজ দ্বিতীয় স্থানে।
বছরটা ভালো কাটলেও মিরাজের আক্ষেপ কমেনি। কারণ, এই বছর মোট চার অর্ধশতকের কোটা পার করে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন মিরাজ। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। পারেননি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে। একবারও দেখা পাননি সেঞ্চুরির।
চলতি বছর মিরাজের টেস্ট পরিসংখ্যান দেখে নেওয়া যাক-
এ বছর এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেন মিরাজ। এসব টেস্টে ডানহাতি এই ব্যাটারের ১৪টি ইনিংস হলো- ১১, ৩৩, ৭, ৮১, ৭৭, নামেননি, ৭৮, নামেননি, ২৭, ৮, ২০, ৯, ১৩ ও ৯৭।
অর্থাৎ দুই ইনিংসে ব্যাটিংয়ে নামেননি মিরাজ। বাকি ইনিংসের গুলোর মধ্যে চারবার অর্ধশতক পেরিয়ে গেছেন তিনি। কিন্তু একবারও তিন অংকে পৌঁছাতে পারেননি।

