নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। স্প্যানিশদের এই ঐতিহাসিক জয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পেনকে অভিনন্দন জানান ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’
চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের পারফরম্যান্সের প্রশংসা করে লেখেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নস।’
এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসও সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত এক বার্তায় স্পেনকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘অভিনন্দন স্পেন।’
স্পেনের বিশ্বকাপ জয়ের পর সামাজিক মাধ্যমে তারকাদের এমন শুভেচ্ছাবার্তা ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।

