পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

২৩ ফেব্রুয়ারি আইসিসির শুনানিতে হাজির হবেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে

Sun this Ja ham
জানুয়ারি ২৬, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সাবেক ফিলিপাইন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে আগামী মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) শুনানির মুখোমুখি হতে হবে। সোমবার আদালতের বিচারকরা ৮০ বছর বয়সী দুতের্তে শুনানিতে অংশ নিতে অযোগ্য এমন দাবি খারিজ করে এ সিদ্ধান্ত দেন।

আইসিসির বরাতে দ্য হেগ থেকে এএফপি জানায়, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে দুতের্তের বিরুদ্ধে তথাকথিত ‘চার্জ নিশ্চিতকরণ’ শুনানি শুরু হবে। এই শুনানিতে বিচারকরা সিদ্ধান্ত নেবেন, মামলাটি বিচারে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে কি না।

আদালত এক বিবৃতিতে জানায়, ‘প্রাসঙ্গিক আইনি নীতিমালা, স্বাধীন বিশেষজ্ঞদের চিকিৎসা মূল্যায়ন এবং মামলার সব প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনায় চেম্বার সন্তুষ্ট হয়েছে যে, মি. দুতের্তে তাঁর প্রক্রিয়াগত অধিকার কার্যকরভাবে প্রয়োগ করতে সক্ষম।’

আইসিসি আরও জানায়, ‘অতএব, প্রাক-বিচার কার্যক্রমে অংশ নেওয়ার জন্য দুতের্তেকে উপযুক্ত বলে বিবেচনা করা হয়েছে।’

আইসিসির প্রসিকিউটররা দুতের্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ এনেছেন। অভিযোগে বলা হয়েছে, তাঁর ঘোষিত ‘মাদকবিরোধী যুদ্ধ’-এর অংশ হিসেবে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডে তিনি জড়িত ছিলেন।

প্রথম অভিযোগটি ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে দাভাও সিটির মেয়র থাকাকালে সংঘটিত ১৯টি হত্যাকাণ্ডে সহ-অপরাধী হিসেবে তার কথিত ভূমিকার সঙ্গে সম্পর্কিত।

দ্বিতীয় অভিযোগটি ২০১৬ ও ২০১৭ সালে, প্রেসিডেন্ট থাকাকালে, তথাকথিত ‘হাই ভ্যালু টার্গেট’ হিসেবে চিহ্নিত ১৪ জনকে হত্যার ঘটনা ঘিরে।

তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ফিলিপাইনের বিভিন্ন এলাকায় নিম্নস্তরের সন্দেহভাজন মাদক ব্যবহারকারী বা ব্যবসায়ীদের বিরুদ্ধে চালানো ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ ৪৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়।

গত অক্টোবর মাসে আদালত দুতের্তের আগাম মুক্তির আবেদনও খারিজ করে দেয়। আদালতের মতে, মুক্তি পেলে তিনি পালিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারেন এবং সাক্ষীদের প্রভাবিত করার অবস্থানে থাকতে পারেন।

দুতের্তেকে গত ১১ মার্চ ম্যানিলায় গ্রেপ্তার করা হয়। ওই রাতেই তাকে নেদারল্যান্ডসে পাঠানো হয় এবং এরপর থেকে তিনি দ্য হেগের স্কেভেনিনগেন কারাগারে আইসিসির আটক কেন্দ্রে রয়েছেন।

প্রাথমিক শুনানিতে তিনি ভিডিও লিংকের মাধ্যমে অংশ নেন। সে সময় তাঁকে বিভ্রান্ত ও দুর্বল দেখাচ্ছিল এবং তিনি খুব কমই কথা বলেন।

বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।