টাঙ্গাইল-৫ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে জায়গায় আমাকে দায়িত্ব দেবেন, সেখানেই কাজ করব, ইনশাআল্লাহ।
শনিবার সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ার নিজবাসায় মন্ত্রিত্ব প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের তিনি একথা বলেন।
সালাহউদ্দিন টুকু বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সবাই মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, সদরের চার লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। সবার সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।
নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন টুকু বলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য ও সংযম বজায় রাখবেন। কোনো উসকানিতে পা দেবেন না। আমার নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

