‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর বলিউডে সাফল্যের নতুন সংজ্ঞা লিখছেন শ্রদ্ধা কাপুর। এরই ধারাবাহিকতায় নিজের পারিশ্রমিক এক লাফে প্রায় তিনগুণ বাড়িয়েছেন এই অভিনেত্রী। তাঁর আসন্ন ভিন্নধর্মী সিনেমা ‘ইথা’কে ঘিরেই পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন শ্রদ্ধা কাপুর। বক্স অফিসে ব্লকবাস্টার সাফল্যের পর এবার নিজের পারিশ্রমিক বাড়ানোর কারণে খবরের শিরোনামে এসেছেন তিনি। আগামী সিনেমা ‘ইথা’র জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী। এটি তাঁর আগের পারিশ্রমিকের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
তবে শ্রদ্ধা কাপুর কিংবা সিনেমাটির নির্মাতাদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যদিও বলিউডের অন্দরমহলে তাঁর পারিশ্রমিক বাড়ানোর খবরটি বেশ জোরালোভাবে ছড়িয়ে পড়েছে। চলতি দশকের অন্যতম সফল সিনেমা ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পরই শ্রদ্ধার ক্যারিয়ারে এই বড় পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে।
ভিন্ন চরিত্রে শ্রদ্ধা
পরিচালক লক্ষ্মণ উটেকরের আগামী সিনেমা ‘ইথা’ নির্মিত হচ্ছে প্রখ্যাত লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের জীবন অবলম্বনে।
এই সিনেমায় শ্রদ্ধাকে তাঁর পরিচিত গ্ল্যামারাস রূপের বাইরে সম্পূর্ণ ভিন্ন ও অভিনব একটি চরিত্রে দেখা যাবে। চরিত্রটি তাঁর অভিনয়জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
ইতিমধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। টিজারটি নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এতে শ্রদ্ধার নতুন লুক ও অভিনয়ের ঝলক দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের ৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে প্রতীক্ষিত সিনেমা ‘ইথা’র।
কী-শব্দ: শ্রদ্ধা কাপুর, স্ত্রী ২, শ্রদ্ধা কাপুরের পারিশ্রমিক, ইথা সিনেমা, শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা, লক্ষ্মণ উটেকর, বিঠাবাঈ নারায়ণগাঁওকর, বলিউড, হিন্দি সিনেমা

