বহুল আলোচিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ অবশেষে নানা জটিলতা পেরিয়ে পর্দায় আসছে। প্রায় এক দশকের অপেক্ষার পর ঢালিউড কিং শাকিব খানের সিনেমাটি নতুন রূপে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে। অস্ট্রেলিয়ায় প্রথম ধাপের দৃশ্যধারণ ও টিজার প্রকাশের পর একসময় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল ‘অপারেশন অগ্নিপথ’ নিয়ে।
তবে প্রায় এক দশক আগে মুক্তির কথা থাকলেও অভ্যন্তরীণ নানা জটিলতা ও টানাপোড়েনে মাঝপথেই সিনেমাটির নির্মাণকাজ থেমে যায়। দীর্ঘ বিরতির পর সেই স্থবিরতা কাটিয়ে নতুন পরিকল্পনা ও পরিবর্তিত রূপে সিনেমাটি আলোর মুখ দেখতে যাচ্ছে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমান সময় ও আধুনিক দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে সিনেমাটির মূল গল্পে কিছু সংশোধন এবং নতুন উপাদান যুক্ত করা হবে। প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই প্রকল্পটি নতুন পরিকল্পনায় নতুনভাবে শুরু করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন।
গল্পের পরিমার্জনের পাশাপাশি সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকাতেও কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার পুরো আয়োজনের কেন্দ্রবিন্দুতে বরাবরের মতোই থাকছেন শাকিব খান। নির্মাতারা আগামী বছর থেকে সিনেমাটির মূল দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা করেছেন।
২০২৭ সালের ঈদের বাইরের কোনো এক সুবিধাজনক সময়ে দেশজুড়ে প্রেক্ষাগৃহে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভার্টেক্স মিডিয়ার ব্যানারে জানে আলমের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করছেন আশিকুর রহমান। আধুনিক নির্মাণ কৌশল ও নতুন রূপে শাকিব খানের এই প্রত্যাবর্তন ঢালিউডের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।


