বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর: চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা ভাঙচুরে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহআলী থানায় মামলা করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছে শাহআলী থানা-পুলিশ।

মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও দেড় কোটি টাকার বেশি ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতারের অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তাঁরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালান। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলেন।

হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যান বলে অভিযোগ করেছে রাড্ডা।

নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। ঘটনাটি কোনো সাধারণ ডাকাতি বা হামলা নয়। এখানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।