বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পঞ্চগড়ের দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকা, কৃষকের ন্যায্যমূল্য কোথায়: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৬, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে দেশের কৃষকদের সংকট বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

পঞ্চগড়ে দুই টাকায় কেনা লাউ ঢাকায় ৬০ টাকায় বিক্রির উদাহরণ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কৃষক তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন না কেন?

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তিন নেতার মাজার প্রাঙ্গণে অবস্থিত তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির অঙ্গসংগঠন জাতীয় কৃষক শক্তি। শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আখতার হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন, জাতীয় কৃষক শক্তির সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, মুখ্য সংগঠক নফিউল ইসলাম, এনসিপির সহসাংগঠনিক সম্পাদক সাকিব মাহদী এবং কেন্দ্রীয় সদস্য দিদার শাহসহ সংগঠনগুলোর অন্যান্য নেতারা।

জাতীয় নেতাদের অবদান তুলে ধরার আহ্বান

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে একজন নেতাকে কেন্দ্র করে অন্য জাতীয় নেতাদের অবদান আড়াল করা হয়েছিল। বর্তমান সরকারও জাতীয় নেতাদের যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

জাতীয় নেতাদের জীবন, রাজনৈতিক দর্শন ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পাঠ্যপুস্তক ও গণমাধ্যমে তাঁদের নিয়ে আলোচনা বাড়ানোর আহ্বান জানান তিনি।

শেরে বাংলার কৃষকবান্ধব রাজনীতির কথা উল্লেখ করে আখতার হোসেন বলেন, কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন কাজ করেছেন। সাম্প্রদায়িক বিভেদ উপেক্ষা করে হিন্দু-মুসলমান কৃষকদের ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন শেরে বাংলা। তাঁর আদর্শ অনুসরণ করে সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান আখতার হোসেন।

কৃষকদের সংকট সমাধানে পাঁচ দাবি

দেশের কৃষকদের দুরবস্থার কথা তুলে ধরে আখতার হোসেন বলেন, উত্তরাঞ্চলে সারসংকট, ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া, চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণে কৃষকদের সংকট বাড়ছে।

পঞ্চগড়ে দুই টাকার লাউ ঢাকায় ৬০ টাকায় বিক্রির উদাহরণ দিয়ে তিনি আবারও প্রশ্ন তোলেন, কৃষক কেন তাঁর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাবেন না?

কৃষকদের স্বার্থ রক্ষায় সার সরবরাহ নিশ্চিত করা, বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট বন্ধ করা, হিমাগার ও শস্য সংরক্ষণাগার নির্মাণ, কৃষিঋণে সহানুভূতিশীল নীতি গ্রহণ এবং সরকারি প্রণোদনা বাড়ানোর আহ্বান জানান তিনি।

শেরে বাংলার কৃষকবান্ধব আদর্শ দেশের সব রাজনৈতিক দলের অনুসরণ করা উচিত বলেও মন্তব্য করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।