দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন
মোঃ শাকিল আহামাদ রাজশাহী
বিগত সরকারের আমলে দেশের অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছিল। সে অবস্থা থেকে উত্তরণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত কাজ করে যাচ্ছেন। এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে একটি দল আরেকটি দলকে সাথে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার ষড়যন্ত্র করছে বলে শনিবার সকাল ১০ টায় শালবাগান ওয়াসা ভবনের পাশে এইচ প্রপার্টিজ এর বন্ধন নামক ভবন তৈরীর উদ্বোধন অনুষ্ঠান ও দোয়া মাহফিলে পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন।
তিনি বলেন, রাজশাহীর মানুষ অনেক আতিথেয় পরণায়ন। এখানে পূর্বে একে অপরের সাথে ভালো সম্পর্ক রেখে চলত। এখন কিছুটা ভাটা পড়লেও সে ধারা অনেকটাই অব্যাহত রয়েছে। যে ভবন উদ্বোধন করতে আসা হয়েছে এর যদি কোন সমস্যা হয় আশেপাশের মানুষ সবাই এগিয়ে আসবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি বলেন, বর্তমানে রাজশাহীতে অনেক সুউচ্চ ভবন তৈরি হচ্ছে। প্রতিটি ভবন আরডিএ এর পরিকল্পনা ও ভবনের প্ল্যানিং অনুযায়ী করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী অন্যান্য প্রধানমন্ত্রীর মত নয়। তিনি এবার গিনিজ বুকে তার নাম তুলেছেন। কারণ হচ্ছে জাতিসংঘে তাঁর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তাঁর মা বেগম খালেদা জিয়া ভাষন দিয়েছিলেন। এবার একই জায়গায় দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও ভাষণ দিয়েছেন। আগামীতে হয়তো তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা ভাষণ দেবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণায দেননি, তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তিনি অন্য কারো মত দেশের মানুষকে বিপদে রেখে পালিয়ে যাননি । তাঁরই সুযোগ্য স্ত্রী বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়েও এ দেশ থেকে পালিয়ে যাননি। তিনি কখনো অন্যের সাথে আপোষ করেননি। তিনি গণতন্ত্র রক্ষায় নিজের প্রাণ অকাতরে বিলিয়ে দিয়েছেন। তিনি সর্বদা দেশের কথা ভাবতেন। এজন্য জীবনের তোয়াক্কা না করে শেষ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন। তিনি আজ শুধু বিএনপি’র সম্পদ নয়, তিনি বিশ্ববাসীর সম্পদ। তিনি মাদার অব ডেমোক্রেসি হিসাবে বিশ্বে পরিচিত লাভ করেছেন। তিনি একজন মহীয়সী নারী বলে আখ্যায়িত করেন এমপি মিলন।
বক্তব্য শেষে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাটি কেটে বন্ধন ভবন তৈরি উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন এইচ প্রোপার্টিজ এর স্বত্বাধিকারী হাফিজুল হক হ্যাপি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ ও শ্যামল শেখ, সদস্য শাকিলুর রহমান রন ও মোফাজ্জল হোসেন শুভ, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সামির হাসান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য নয়নসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এইচ প্রোপার্টিজ এর অন্যান্য সদস্য ও ফ্লাট ওনারগণ।


