বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কাল থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ: বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

তৈরি পোশাকশিল্পে চলমান শ্রম অসন্তোষ ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে রোববার (১৫ নভেম্বর) থেকে আশুলিয়া ও সাভারসহ সংশ্লিষ্ট অঞ্চলের যেসব কারখানা উৎপাদন কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছে, সেগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান।

ব্রিফিংয়ে তিনি বলেন, সম্প্রতি নিম্নতম মজুরি নির্ধারণের বিষয়কে কেন্দ্র করে একটি মহল পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে বিশেষ করে আশুলিয়া, সাভার ও গাজীপুরের কিছু শিল্পপ্রতিষ্ঠানে গত ৭ থেকে ১২ দিন ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান খাতটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে।

বিজিএমইএ সভাপতি বলেন, অধিকাংশ শ্রমিকই কাজে যোগ দিতে আগ্রহী। তাঁরা শান্তিপূর্ণ পরিবেশে কাজ চালিয়ে যেতে চান। তবে তাঁর অভিযোগ, কারখানার ভেতরে কিছু শ্রমিক বাইরের বিভিন্ন মহলের উসকানি ও প্ররোচনায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাঁরা নিজেরা কাজ করছেন না, পাশাপাশি অন্য শ্রমিকদেরও কাজে যোগ দিতে বাধা দিচ্ছেন।

তিনি আরও বলেন, কিছু কারখানায় এমন ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে শ্রমিকেরা কাজ বন্ধ করে পাঞ্চ করে কারখানা থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন। কারখানা থেকে বের হওয়ার পর একদল শ্রমিক অন্য কারখানার প্রধান ফটকে গিয়ে ইটপাটকেলসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করছেন। পাশাপাশি ওই কারখানার শ্রমিকদেরও জোর করে বাইরে বের করে আনার চেষ্টা করছেন। এতে সামগ্রিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মাহমুদ হাসান খান জানান, চলমান পরিস্থিতির কারণে বিজিএমইএর সদস্যভুক্ত ১৪৭টি কারখানা পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না। এসব কারখানা বাধ্য হয়ে উৎপাদন বন্ধ রেখেছে। এর ফলে একদিকে দেশের পোশাকশিল্পের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে জাতীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, চলমান বিশৃঙ্খলার কারণে সম্পূর্ণ নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করার দায়িত্বপ্রাপ্ত নিম্নতম মজুরি বোর্ডের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে তাঁরা জানতে পেরেছেন, মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি স্পষ্টভাবে জানিয়েছেন, চলমান ভাঙচুর ও বিশৃঙ্খলার সঙ্গে তাঁর কিংবা কোনো শ্রমিক সংগঠনের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই।

তবে সংকট মোকাবিলায় শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা যথেষ্ট কার্যকর হয়নি বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। তাঁর ভাষ্য, মাঠপর্যায়ের অনেক শ্রমিক নেতা ও প্রতিনিধি সাধারণ শ্রমিকদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছেন না। ফলে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ছে।

ব্রিফিংয়ে মাহমুদ হাসান খান বলেন, শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি যৌথ মতবিনিময় সভায় অংশ নেওয়া সদস্যরা মত দিয়েছেন, কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে নিম্নতম মজুরি বোর্ডে আলোচনা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।

তিনি জানান, সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানার মালিকেরা কঠিন হলেও অনিবার্য এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা ও উৎপাদনের অনুকূল পরিবেশ না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে চলমান শ্রম অসন্তোষের মধ্যে উৎপাদন চালাতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো আগামীকাল ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

বিজিএমইএ সভাপতি বলেন, আশুলিয়া ও সাভার এলাকার পোশাক কারখানাগুলো জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এসব শিল্পপ্রতিষ্ঠান রক্ষা করা এবং এর সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।

পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে চলমান সংকট নিরসনে মালিকপক্ষ, শ্রমিক সংগঠন, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।

সংবাদ ব্রিফিংয়ে সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, পোশাকশিল্পে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনা, শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষা এবং দেশের রপ্তানি আয় অব্যাহত রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।