তিন বছর ধরে বড় পর্দায় নেই শাহরুখ খান। ২০২৩ সালে পরপর তিনটি সিনেমা দিয়ে বাজিমাত করেছিলেন তিনি। এরপর আবার দীর্ঘ বিরতি নিয়ে এবার আসছেন ‘কিং’ নিয়ে। বহুল আলোচিত এই অ্যাকশন-থ্রিলার সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২৪ ডিসেম্বর।
কিন্তু সিনেমাটি নিয়ে নতুন কোনো খবরই পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, আদৌ ২৪ ডিসেম্বর ‘কিং’ মুক্তি পাবে তো? এসব সংশয় ও ধোঁয়াশা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। ভক্তদের সঙ্গে এক্সে ‘আস্ক মি এনিথিং’ সেশনে অংশ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
সিনেমার ট্রেলার নিয়ে এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘এবার তো পুরো সিনেমাই দেখবেন। আপনাদের অপেক্ষা আর বাড়াব না। ভালো একটা সিনেমা তৈরি করছি, যাতে মনটা তৃপ্ত হয়। সবকিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’
শাহরুখের কথায় স্পষ্ট, ২৪ ডিসেম্বরই মুক্তি পাবে ‘কিং’। আরেক ভক্ত জানতে চান, ‘কিং’-এর অ্যাকশন কি ‘জওয়ান’-এর চেয়েও বড় পরিসরে হবে? শাহরুখের জবাব, ‘হ্যাঁ। আসলেই অ্যাকশন দৃশ্যগুলো বড় পরিসরে করা হয়েছে, সিড (পরিচালক সিদ্ধার্থ আনন্দ) এটা নিয়ে অনেক পরিশ্রম করেছে। তবে অ্যাকশনের সঙ্গে ইমোশন আর কমেডিও ভালো লাগবে তোমাদের।’
এক ভক্ত জানতে চান, এখনো কেন ‘কিং’ সিনেমার গান প্রকাশ করা হচ্ছে না। জবাবে শাহরুখ লেখেন, ‘রিলিজ তো করেই দিতাম; কিন্তু এখনো অরিজিৎ দাদার (অরিজিৎ সিং) ফিনিশিং দেওয়া বাকি। সে তো পারফেকশনিস্ট। এজন্য প্রয়োজনীয় সময়টুকু নিচ্ছে।’
উল্লেখ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় ফের জুটি হয়েছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। সিনেমায় আরও আছেন অভিনেতার কন্যা সুহানা খান, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা প্রমুখ।


