দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী দর্শনা কেরু চিনিকল চলতি আখ মাড়াই মৌসুম ২০২৪-২৫ উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপ করে আখ মাড়াই মৌসুরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দায়রা জজ আকবার আলী শেখ, জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম,পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, কেরুর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসলাম অর্কসহ অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
চলতি আখ মাড়াই মৌসুমে ৬৫ দিন কার্যদিবসে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে মিলটি । চলতি মাড়াই মৌসুমে ৫ হাজার ১১৫ একর জমিতে আখচাষ রয়েছে। যার মধ্যে কৃষকের জমিরে পরিমাণ ৩ হাজার ৪৫৫ একর ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ। আখ থেকে চিনি আহরণের ৬% হার ধরা হয়েছে।
উল্লেখ্য ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনি উৎপাদন করে আসছে। দীর্ঘ চলমান মিলটি বয়সের ভারে নুয়ে পড়েছে। ফলে প্রতি বছরই চিনি মিলটিকে লোকসান গুনতে হচ্ছে। তবে ২০১৬ সালে মিলটি আধুনিকায়ন কাজ শুরু হলেও এখনো কাজ চলামান রয়েছে। চলতি আখ মাড়াই মৌসুমে আধুনিকায়ন কাজ শেষ করে পরীক্ষামূলক চালু করা হবে বলে জানা গেছে।
গত ২০২৩- ২০২৪ আখ মাড়াই মৌসুমে দর্শনা কেরু চিনিকলে ৫৬ হাজার ৪১৩ মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৬০৮ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।


