‘গাটার জেনারেশন’ মন্তব্য নিয়ে বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছিলেন যোগগুরু ও ব্যবসায়ী রামদেব। এবার সেই মন্তব্যের জবাব দিয়েছেন কঙ্গনা।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে কটাক্ষ করেন ‘কুইন’ সিনেমার এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কঙ্গনা রানাউত লেখেন, ‘বাবাজি, আমার যৌবন বা শোবারঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না। গুজব ও কানাঘুষার ভিত্তিতে যা খুশি ভাবা যায়! কিন্তু অন্তত আমার বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এর জন্য সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এটি কোনো গুজব বা অনুমান নয়, তথ্য রয়েছে। তাই আমাকে চরিত্রের শিক্ষা দেবেন না। আমার চরিত্র আপনার চেয়ে অনেক ভালো। আমার ক্ষেত্রে কোনো প্রতারণার অভিযোগ ধরা পড়েনি।’
কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যের প্রসঙ্গে এক সাক্ষাৎকারে রামদেব প্রশ্ন তুলেছিলেন, ‘ওর শৈশব কেমন ছিল, যৌবন কেমন ছিল? আগের কীর্তিগুলো কেমন ছিল? আমি এ ধরনের মানুষকে নিয়ে কথা বলতে চাই না। দেশের কোনো যুবককে ‘নর্দমা’ বলা বিকৃত মানসিকতার লক্ষণ। এটা চরম ভুল। তাঁর দলের লোকজনেরও বিষয়টি লক্ষ করা উচিত।’
ওই সাক্ষাৎকারে রামদেবকে মনে করিয়ে দেওয়া হয়, কঙ্গনা তাঁর যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী বলেও পরিচয় দেন। এর জবাবে রামদেব বলেন, কেউ তাঁর যোগের প্রশংসা করলেই কি তিনি তার পাপকাজ ঢেকে রাখবেন?
রামদেবের মন্তব্য প্রকাশ্যে আসার পর কঙ্গনা পাল্টা জবাব দেবেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী।


