বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকারবিবার , ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ

পত্রিকার পাতা ডেস্ক
আগস্ট ২৩, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে থাইল্যান্ডের সংঘাতকবলিত দক্ষিণাঞ্চলে একযোগে ৫০টির বেশি স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে রোববার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সমন্বিত অগ্নিসংযোগের ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। দুর্বৃত্তরা স্থানীয় সরকারি ভবন, দোকান এবং চুরি করা একটি গাড়িসহ একাধিক স্থানে আগুন ধরিয়ে দেন।

থাইল্যান্ডের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী প্রদেশগুলোতে শনিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে মধ্যরাতের মধ্যে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বেশির ভাগ হামলার খবর পাওয়া গেছে নারাথিওয়াত প্রদেশে। এ ছাড়া পাশের ইয়ালা ও পাত্তানি এলাকাতেও বেশ কিছু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, নারাথিওয়াত প্রদেশের মুয়াং জেলায় বোমা বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।

কয়েকটি স্থানে টেলিযোগাযোগ টাওয়ারেও আগুন দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক বস্তুতে হাত না দেওয়ার জন্য বাসিন্দাদের সতর্ক করেছেন দেশটির নিরাপত্তাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নারাথিওয়াত প্রদেশে রাতভর সান্ধ্য আইন জারি করে কর্তৃপক্ষ। তবে রোববার সকালে তা প্রত্যাহার করা হয়। রোববার নতুন করে কোনো হামলার খবর পাওয়া যায়নি।

দেশটির দক্ষিণাঞ্চলে একযোগে এসব অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

দীর্ঘদিনের বিদ্রোহ

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন। ২০০৪ সাল থেকে সেখানে এ ধরনের স্বল্পমাত্রার সংঘাত চলছে। দেশটিতে এই সহিংসতায় এখন পর্যন্ত ৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

বারিসান রেভোলুসি ন্যাশনাল নামের একটি সশস্ত্র গোষ্ঠী বিদ্রোহীদের এই তৎপরতা পরিচালনা করে আসছে। ২০১৩ সালে মালয়েশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনা শুরু হলেও ব্যাংককের সরকার পরিবর্তন এবং উভয় পক্ষের অভ্যন্তরীণ মতভেদের কারণে শান্তি প্রক্রিয়া বারবার থমকে গেছে।

গত জুলাইয়ে নারাথিওয়াতের একটি তল্লাশি চৌকিতে বন্দুক ও বোমা হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হন। ওই হামলার পর নির্ধারিত আলোচনা স্থগিত করতে বাধ্য হয় দেশটির কর্তৃপক্ষ।

থাই সংবাদমাধ্যম জানিয়েছে, সশস্ত্র বিদ্রোহীরা প্রায়ই নিরাপত্তাকর্মী ও সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানান। অনেক সময় ওই অঞ্চলে সরকারি কর্মকর্তাদের সফরের ঠিক আগেও হামলার ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর সফর

বিনিয়োগ প্রকল্প, বন্যা প্রতিরোধ ও নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের আগামী সপ্তাহে দক্ষিণ সোংখলা প্রদেশের হাত ইয়াই শহরে দুই দিনের সফরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র: বিবিসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।