বিশ্ববাজারে ক্রমাগত মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ ভর্তুকি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। রোববার সরকারি এক প্রজ্ঞাপনে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা করা হয়েছে। হঠাৎ মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খাতসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি করেছে।
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে যখন আলোচনা চলছে, তখন দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে পেট্রোল ও ডিজেলের দাম কত, সেদিকেও নজর রাখছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। সোমবার পর্যন্ত দক্ষিণ এশিয়ার সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য এবং স্থানীয় মুদ্রার বাংলাদেশি টাকায় আনুমানিক রূপান্তর বিশ্লেষণ করলে দেখা যায়, এই অঞ্চলের জ্বালানি বাজারে দামের বেশ বড় ব্যবধান রয়েছে।
বাংলাদেশে সোমবার থেকে নতুন দরে ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন প্রজ্ঞাপনে এসব মূল্য নির্ধারণ করা হয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অর্থনীতি ভারতে রাজ্যভেদে জ্বালানির দামে পার্থক্য রয়েছে। দেশটির জ্বালানি ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেলের (পিপিএসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে পেট্রোলের দাম ১০২.১২ ভারতীয় রুপি, অর্থাৎ প্রায় ১৩১ টাকা। আর ডিজেল ৯৫.২০ রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২২ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
পাকিস্তানে গত ১৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন দিনের জন্য নির্ধারিত দরে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পেট্রোল ৩৮৯.১৪ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি প্রায় ১৭২ টাকা। হাই-স্পিড ডিজেল ৪২৪.০৪ রুপি, অর্থাৎ প্রায় ১৮৮ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে।
শ্রীলঙ্কায় গত ৩১ আগস্টের সর্বশেষ সরকারি মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ৩৯৯.০০ শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৭.৬ টাকা। অটো ডিজেলের দাম ৩৮২.০০ শ্রীলঙ্কান রুপি, অর্থাৎ প্রায় ১৪১.৩ টাকা লিটার।
নেপাল অয়েল করপোরেশনের তালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রোল ১৭৫.০০ নেপালি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪০.৩ টাকা। ডিজেল ১৬৫.০০ নেপালি রুপিতে, অর্থাৎ প্রায় ১৩২.৩ টাকা লিটারে বিক্রি হচ্ছে।
ভুটানের রাজধানী থিম্পুতে সরকারি ভর্তুকি-পরবর্তী পেট্রোলের দাম ৯৮ গুলট্রাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৫ টাকা। ডিজেলের দাম ৯৮.৩১ গুলট্রাম, অর্থাৎ প্রায় ১২৬ টাকা লিটার।
মালদ্বীপের রাষ্ট্রীয় মূল্যতালিকা অনুযায়ী, দেশটিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১৬.০১ রুফিয়া, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৮ টাকা। ডিজেলের দাম ১৭.৫৪ রুফিয়া, যা প্রায় ১৪০ টাকা।
আফগানিস্তানের ক্ষেত্রে সরকারি ওয়েবসাইটে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের নির্দিষ্ট খুচরা মূল্য পাওয়া যায়নি। দেশটির সরকারি আফগানিস্তান অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজার, সরবরাহ, পরিবহন, কর ও বিনিময় হারসহ বিভিন্ন কারণে স্থানীয় বাজারে জ্বালানির দামে পরিবর্তন হচ্ছে।
সূত্র: পিপিএসি.গভ.ইন, ওজিআরএ.ওআরজি.পিকে, সিইওয়াপিইটিসিও.গভ.এলকে, এমওআইসিই.গভ.বিটি, এসটিও.এমভি।


