পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নাসরিন শহীদ মিতু: উদ্যোক্তার জীবনের গল্প

Main Admin
জুলাই ৬, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আসসালামু আলাইকুম।

🌿 আমার উদ্যোক্তা জীবনের গল্প 🌿

আমি নাসরিন শহীদ মিতু। আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা। আমি টাঙ্গাইল জেলা থেকে আমার প্রতিষ্ঠান Mitu’s Crochet & Crafts Gallery-এর মাধ্যমে আমি হাতে তৈরি ক্রোশেট পণ্য, হ্যান্ডমেড চুড়ি এবং জুয়েলারি নিয়ে কাজ করছি।

আজ আমি আপনাদের সঙ্গে আমার উদ্যোক্তা জীবনের গল্প ভাগ করে নিতে চাই।

আমি কখনো ভাবিনি, একদিন একজন উদ্যোক্তা হব। আমি একজন থ্যালাসেমিয়া রোগী। প্রতি ১৫ দিন পরপর আমাকে রক্ত নিতে হয়। জীবনের এই বাস্তবতাকে আমি কখনো সবার সামনে তুলে ধরতে চাইনি। কিন্তু আমি বিশ্বাস করি, একজন মানুষের সংগ্রামও তার সফলতার গল্পেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আজ আমার উদ্যোক্তা জীবনের পাশাপাশি আমার জীবনের এই বাস্তবতাটুকুও আপনাদের সঙ্গে শেয়ার করলাম।

আমার এই দীর্ঘ পথচলায় শারীরিক সীমাবদ্ধতা, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ এসেছে। তবুও আল্লাহর ওপর অগাধ ভরসা রেখে কখনো থেমে যাইনি। প্রতিটি বাধাই আমাকে আরও শক্তভাবে সামনে এগিয়ে যেতে শিখিয়েছে।

এসএসসি পরীক্ষার পর থেকেই নিজের জন্য কিছু করার ইচ্ছা ছিল। প্রথমে কিছুদিন ছোট ছোট শিক্ষার্থীদের পড়িয়েছি। এরপর মনে হলো, এমন কিছু করতে হবে, যার মাধ্যমে নিজের একটি পরিচয় গড়ে তুলতে পারব।

আমার উদ্যোক্তা জীবনের শুরু একজন ভাইয়ার পেজে রিসেলার হিসেবে। আজ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সাইমন রাব্বি ভাইয়াকে। জানি না তিনি আমার এই ভিডিওটি দেখবেন কি না, তবে তাঁর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

তাঁর কাছ থেকেই আমি অনলাইন ব্যবসার প্রথম পাঠ শিখেছি। কীভাবে কাজ করতে হয়, কীভাবে পোস্ট করতে হয় এবং কীভাবে একজন উদ্যোক্তা হিসেবে এগিয়ে যেতে হয়—সবকিছুই তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিখিয়েছেন। অথচ আমাদের কখনো সামনাসামনি দেখা হয়নি।

করোনা মহামারির সময় ভাইয়ার ব্যবসা বন্ধ হয়ে যায়। ফলে আমাদের কাজও বন্ধ হয়ে যায়। তখন তিনি বলেছিলেন, “নিজেদের পণ্য নিয়ে কাজ শুরু করো। আমি আছি, যতটা পারি সাহায্য করব।” তাঁর এই কথাগুলোই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আমি ঘরে বসে ইউটিউব দেখে দেখে ক্রোশেট শেখা শুরু করি। শুরু থেকেই নিজের কাছে একটি প্রতিজ্ঞা ছিল—যতদিন পর্যন্ত আমার কাজ নিখুঁত না হবে, ততদিন কোনো পণ্য বিক্রি করব না। তাই প্রথমে শুধু অনুশীলন করেছি, পণ্য তৈরি করেছি, তারপর ধীরে ধীরে নিজের কাজ অনলাইনে শেয়ার করতে শুরু করেছি।

এখানে আরেকজন মানুষের কথা না বললেই নয়। ২০২০ সালে একজন সেলার গ্রুপের এডমিন ভাইয়া আমার জন্য একটি ফেসবুক পেজ খুলে দিয়েছিলেন। এমনকি আমার প্রথম পেজের নাম Style Icon-ও তিনিই রেখেছিলেন। সেই পেজটি এখনো রয়েছে।

তখন ফেসবুক পেজ পরিচালনা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। যখনই কোনো সমস্যায় পড়তাম, তাঁকে নক দিতাম। তিনি ধৈর্যের সঙ্গে সবকিছু বুঝিয়ে দিতেন। তাঁর কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি।

এভাবেই ধীরে ধীরে নিজের পেজে কাজ শুরু করি। নিজের তৈরি পণ্যের পাশাপাশি বিভিন্ন পেজের রিসেলার হিসেবেও কাজ করেছি। সময়ের সঙ্গে সঙ্গে আমার কাজ মানুষের কাছে পরিচিত হতে শুরু করে।

২০২১ সালে আমি শুধু ক্রোশেট পণ্যের জন্য Mitu’s Crochet & Crafts Gallery নামে নতুন একটি পেজ চালু করি। বর্তমানে আমি শুধুমাত্র নিজের হাতে তৈরি হ্যান্ডমেড পণ্য নিয়েই কাজ করছি।

আমার পথচলা শুরু হয়েছিল ক্রোশেট পণ্য দিয়ে। পরবর্তীতে হ্যান্ডমেড চুড়ি ও জুয়েলারি যুক্ত করেছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের দেশীয় হ্যান্ডমেড পণ্য নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে।

২০২৫ সাল পর্যন্ত আমার পুরো পথচলা ছিল ঘরে বসে শেখা এবং অনলাইনে ব্যবসা পরিচালনা করা। এরপর প্রথমবারের মতো বিভিন্ন উদ্যোক্তা কার্যক্রমে সরাসরি অংশ নেওয়া শুরু করি। শুরুটা হয় আমার এক আন্টির আয়োজিত একটি গেট-টুগেদার অনুষ্ঠানের মাধ্যমে।

পরবর্তীতে একে একে বিভিন্ন উদ্যোক্তা সংগঠন ও গ্রুপের সঙ্গে যুক্ত হই। আমার উদ্যোক্তা জীবনে বিশেষ অনুপ্রেরণা হয়ে আছেন Let’s Gossip Girls Savar গ্রুপের ওনার Mahmuda Lubna আপু। তাঁর উৎসাহ, দিকনির্দেশনা ও সহযোগিতা আমাকে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে অনেক অনুপ্রাণিত করেছে। তাঁর প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এরপর থেকে বিভিন্ন উদ্যোক্তা মেলা, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করছি। এসব আয়োজন আমাকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে, নিজের দক্ষতা বাড়াতে এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ সম্পন্ন করে বেশ কয়েকটি সার্টিফিকেট অর্জনেরও সৌভাগ্য হয়েছে।

আমার পথচলা এখনো অনেক বাকি। আমি বিশ্বাস করি, পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর ওপর অটুট ভরসা থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়, ইনশাআল্লাহ।

আমার খুব বড় কিছু হওয়ার স্বপ্ন নেই। আমি শুধু চাই সততা, নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যেতে এবং আমার কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা ও দোয়া অর্জন করতে।

আপনাদের সকলের কাছে আমার জন্য দোয়া চাই, যেন আমি সবসময় সততার সঙ্গে কাজ করতে পারি এবং দেশীয় হ্যান্ডমেড পণ্যকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি।

ধন্যবাদ সবাইকে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

~ নাসরিন শহীদ মিতু

Founder & CEO
Mitu’s Crochet & Crafts Gallery

Women’s Entrepreneur
Mitu’s Crochet & Crafts Gallery

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।