বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা সুদূর প্যারিসে গিয়ে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। শারীরিক অসুস্থতায় যখন তাঁর মন ও শরীর দুটোই ভালো ছিল না, তখনই অপ্রত্যাশিত এক ভালোবাসায় সিক্ত হন তিনি। প্রীতির অসুস্থতার খবর পেয়ে তাঁর মন ভালো করতে সারপ্রাইজ পাঠান এক প্রতিবেশী। সেই উদ্যোগ মুহূর্তেই অভিনেত্রীর মুখে হাসি ফুটিয়েছে।
মূলত এক বন্ধুর মাধ্যমে প্রীতির অসুস্থতার খবর জানতে পারে প্যারিসে বসবাসকারী একটি মিষ্টি ও দয়ালু পরিবার। খবর পাওয়ার পর আর দেরি না করে অভিনেত্রীকে দ্রুত সুস্থ করে তুলতে শহরের একটি বিশেষ রেস্টুরেন্ট থেকে তাঁর পছন্দের খাবার ‘কঢ়ী-চাওয়াল’ পাঠিয়ে দেয় তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, খাবারের বক্স খুলে কঢ়ী-চাওয়াল দেখে আনন্দে আত্মহারা প্রীতি। ছোট হলেও আন্তরিক এই উদ্যোগের জন্য ওই পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
প্রীতি বলেন, পাঞ্জাবি আতিথেয়তার যে আলাদা এবং বিশ্বজোড়া সুনাম রয়েছে, এই ঘটনা যেন তারই একটি অনন্য উদাহরণ। একই সঙ্গে প্যারিসে গেলে সবাইকে ওই নির্দিষ্ট দোকানের খাবার পরখ করে দেখার পরামর্শও দিয়েছেন তিনি। এই উষ্ণ ভালোবাসা ও পরোপকারী মনোভাব তিনি চিরকাল মনে রাখবেন বলেও জানান।
দীর্ঘ আট বছর পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত এবং সানি দেওলের বিপরীতে অভিনয় করা ছবিটি গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
প্রথম দিনের কঠিন শুটিং এবং দীর্ঘ বিরতির পর আবার ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে প্রীতি কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে সহ-অভিনেতা সানি দেওলের আন্তরিক সহযোগিতায় সবকিছু সহজ হয়ে যায়।
এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভইয়াজি সুপারহিট’ ছবিতে সর্বশেষ পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল প্রীতি জিনতাকে।


