তরুণ দর্শকের কাছে বেশ জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নির্মাতা কাজল আরেফিন অমির এই ধারাবাহিকের পঞ্চম সিজন চলছে। এ সিজনে এরই মধ্যে বেশ কয়েকটি চমক দিয়েছেন নির্মাতা। এবার ১৪তম চ্যাপ্টারে থাকছে আরও একটি চমক।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গতে মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর ১৪তম চ্যাপ্টার। এতে নতুন টুইস্ট হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় দুই কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই) ও সুনেহরা তাসনিম।
গল্পের ঘটনাক্রমে ‘ব্যাচেলর’দের ফ্ল্যাটে হাজির হবেন তাঁরা। দুজনকে অতিথি চরিত্রে দেখা যাবে। তবে কী ধরনের ভূমিকায় তাঁদের উপস্থিতি ঘটবে, তা আপাতত গোপন রেখেছেন নির্মাতারা।
মাঝে বেশ কিছুদিন অসুস্থ থাকায় কাজ করতে পারেননি নির্মাতা কাজল আরেফিন অমি। সুস্থ হয়ে চ্যাপ্টার ১৩-এর মাধ্যমে আবার কাজে ফেরেন তিনি। এবারের চ্যাপ্টারে দর্শকদের জন্য আরও বেশি বিনোদনের রসদ থাকছে বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, বঙ্গ ছাড়াও ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্বগুলো দেখা যাচ্ছে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, অর্চিতা স্পর্শিয়া, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকে।


