শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো স্নেহ ও দায়িত্ববোধ নিয়ে পাঠদান করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে ‘অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষকরা যদি শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মনে করে পাঠদান করেন, তাহলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে। তিনি বলেন, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে শিশুদের নৈতিকভাবে গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
ড. এহছানুল হক মিলন বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে শিক্ষকদের দক্ষতা বাড়াতে আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের ইতিবাচক পথে আনার উদ্যোগ
তরুণ প্রজন্মের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, অনেক শিক্ষার্থী লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও মাদকের মতো ক্ষতিকর বিষয়ে জড়িয়ে পড়ছে। এ প্রবণতা রোধে আনন্দময় শিক্ষা এবং খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, সারা দেশে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা’ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ৯ আগস্ট চট্টগ্রামে এ প্রতিযোগিতার উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
বিনামূল্যে স্কুল ড্রেস ও মিডডে মিল কর্মসূচি
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের উদ্যোগ নিয়েছে বলে জানান মন্ত্রী। পাশাপাশি মিডডে মিলসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, দক্ষ ও মানবিক নতুন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা খাতের উন্নয়ন অব্যাহত থাকবে।
প্রাথমিক কর্মকর্তাদের দায়িত্ব বাড়ানোর ইঙ্গিত
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দায়িত্ব আরও বাড়ানো হবে। পাশাপাশি তাদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হবে।
তিনি জানান, আগামী দিনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
বিভিন্ন সমস্যা তুলে ধরেন কর্মকর্তারা
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো, জনবল ও শিক্ষার মানসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
কী–শব্দ: শিক্ষামন্ত্রী, এহছানুল হক মিলন, প্রাথমিক শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী, নৈতিক মূল্যবোধ, স্কুল ড্রেস, মিডডে মিল, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল।

