কৃত্রিম ফুলের গহনা থেকে শুরু করে চায়না-থাইল্যান্ডের ব্যাগ, মেটাল জুয়েলারি ও বিদেশি কসমেটিক—বিভিন্ন পণ্যে এক অনন্য বৈচিত্র্য নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবসায় নিজের অবস্থান তৈরি করছেন তরুণ উদ্যোক্তা সম্পা অনু। তাঁর উদ্যোগের নাম ‘লেডিস চয়েস’, যা অল্প সময়েই গ্রাহকদের আস্থার জায়গা করে নিয়েছে।
সম্পা অনু মনে করেন, একজন উদ্যোক্তার প্রথম পরিচয় হওয়া উচিত তাঁর কাজের মাধ্যমে। তিনি বলেন, “আমি চাই না আমাকে শুধু কারো মেয়ে, স্ত্রী বা মা হিসেবে মানুষ চেনুক। আমি চাই আমার নিজের দক্ষতা, আমার পরিশ্রম, আমার ‘লেডিস চয়েস’—এই পরিচয়েই মানুষ আমাকে জানুক।”
উদ্যোক্তা জীবনের পথ সহজ নয়—এটা জানেন তিনি। চ্যালেঞ্জ, ঝুঁকি আর পরিশ্রমে ভরা এই যাত্রায় সততাকে তিনি সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন। তাঁর ভাষায়, “উদ্যোক্তা হতে হলে প্রথমেই দরকার সততা। সততা ছাড়া ব্যবসায় সফল হওয়া যায় না।”
নিজের কাজের প্রতি অদম্য নিষ্ঠা নিয়েই সামনে এগিয়ে যেতে চান সম্পা অনু। লক্ষ্য তাঁর আরও দূর পর্যন্ত যাওয়া, নিজের পরিচয় দিয়ে দেশে-বিদেশে স্বীকৃতি অর্জন করা।
তরুণদের উদ্দেশে সম্পা অনুর বার্তা—পরিবর্তনকে ভয় না পেয়ে সুযোগকে কাজে লাগাতে হবে। পরিশ্রম ও স্বপ্ন থাকলে সফলতার পথ নিজেই তৈরি হয়।

