দুই বছর ধরে মানসিক ও শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। এ সময়ে হারিয়েছিলেন আত্মবিশ্বাস, বদলে গিয়েছিল নিজের সম্পর্কে ধারণা। এমনকি অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। থেরাপি ও আত্মোপলব্ধির মধ্য দিয়ে এখন নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করছেন এই অভিনেত্রী। জীবনের এই নতুন অধ্যায়ের নাম দিয়েছেন ‘অনুপমা ২.০’।
ইচ্ছা, আত্মবিশ্বাস ও স্বতন্ত্র পরিচয় কখন হারিয়ে যেতে শুরু করে, তা অনেক সময় বুঝে ওঠা কঠিন। অনুপমার জীবনের গত দুই বছর কেটেছে এমনই এক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীতের কথা বলতে গিয়ে তিনি জানান, একটি সম্পর্কের অভিঘাত তাঁকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
‘আই অ্যাম উইথ ধন্যা ভার্মা’ অনুষ্ঠানে অতীত সম্পর্কের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন অনুপমা। নিজের অভিজ্ঞতাকে তিনি ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রায় দুই বছর ধরে চলা এই অভিজ্ঞতার প্রভাব পড়েছিল তাঁর শরীর, মন, আত্মপরিচয় এমনকি অভিনয়জীবনেও।
‘আমি যেন ক্রমেই ছোট হয়ে যাচ্ছিলাম’
অনুপমার কথায়, ওই সম্পর্কের মধ্যে থাকতে থাকতে তিনি নিজের স্বাভাবিক সত্তা হারিয়ে ফেলছিলেন। একজন মানুষ হিসেবে বিকশিত হওয়ার বদলে তাঁর মনে হচ্ছিল, তিনি ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছেন। এ সময় উল্লেখযোগ্যভাবে ওজনও কমে গিয়েছিল তাঁর।
কী ঘটেছিল, তা বুঝে উঠতে অনুপমার সময় লেগেছে। নিজের ইনস্টাগ্রাম পোস্টের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, সেটি হঠাৎ আবেগের বশে দেওয়া কোনো পোস্ট ছিল না। এর পেছনে ছিল দীর্ঘদিনের কষ্ট, আত্মসমালোচনা ও নিজেকে বুঝে ওঠার চেষ্টা।
অভিনেত্রীর ভাষায়, ওই একটি পোস্টের পেছনে জমে ছিল দুই বছরের শারীরিক ও মানসিক যন্ত্রণা। নিজের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলার আগে তিনি কিছুটা সুস্থ হয়ে উঠতে চেয়েছিলেন। যখন মনে হয়েছে, নিজের কণ্ঠ ফিরে পাওয়ার মতো অবস্থায় পৌঁছেছেন, তখনই বিষয়টি নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেন।
একটি ইনস্টাগ্রাম রিল থেকে উপলব্ধি
নিজের অভিজ্ঞতা বুঝতে আরেক অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে জানিয়েছেন অনুপমা।
অভিনেত্রী ম্যাডোনা সেবাস্টিয়ানকে নার্সিসিস্টিক অ্যাবিউজ নিয়ে কথা বলতে দেখেছিলেন তিনি। ভিডিওটি দেখার সময় তীব্র শারীরিক প্রতিক্রিয়া হয়েছিল অনুপমার। তাঁর ভাষ্য, ভিডিওটি দেখার সময় তিনি কাঁপতে শুরু করেন। কারণ, সেখানে বর্ণিত অভিজ্ঞতার সঙ্গে নিজের জীবনের অনেক ঘটনার মিল খুঁজে পেয়েছিলেন।
অনুপমার মতে, একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া অনেক মানুষই হয়তো বুঝতে পারেন না, তাঁদের সঙ্গে আসলে কী ঘটছে। কেউ পরিস্থিতিকে স্বাভাবিক সম্পর্কের টানাপোড়েন বলে মনে করেন, আবার কেউ দীর্ঘদিনের মানসিক চাপের কারণ খুঁজে পান না। এ কারণে তিনি বিশেষভাবে তাঁদের সঙ্গে কথা বলতে চান, যাঁরা একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু এখনো সেটি শনাক্ত করতে পারেননি।
থেরাপির সহায়তায় নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা
মানসিক বিপর্যয় কাটিয়ে ওঠার পথ অনুপমার জন্য সহজ ছিল না। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে থেরাপির সহায়তা নেওয়ার চেষ্টা করেও প্রথম দুবার কাঙ্ক্ষিত ফল পাননি। পরে উপযুক্ত থেরাপিস্টের সহায়তায় নিজের অভিজ্ঞতা বুঝতে এবং পরিস্থিতি সামলে নেওয়ার পথে এগোতে শুরু করেন তিনি।
গত দুই মাস ধরে প্রতি সপ্তাহে থেরাপি নিচ্ছেন এই অভিনেত্রী। তাঁর কাছে এটি শুধু অতীতের কষ্ট ভুলে যাওয়ার চেষ্টা নয়; বরং নিজের অনুভূতি, প্রয়োজন ও পরিচয়কে নতুন করে বুঝে নেওয়ার প্রক্রিয়া।
মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে অনেকেই সংকোচ বোধ করেন। বিশেষ করে বিনোদনজগতের তারকাদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ্যে এলে নানা আলোচনা, জল্পনা ও সমালোচনা শুরু হওয়ার আশঙ্কা থাকে। অনুপমার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবু নিজের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন
ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের প্রভাব পড়েছিল অনুপমার পেশাগত জীবনেও। একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। যে কাজ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ, সেটি চালিয়ে যাওয়াও তখন কঠিন হয়ে উঠেছিল।
মালয়ালম সিনেমা ‘প্রেমাম’ দিয়ে পরিচিতি পান অনুপমা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে মেরি জর্জ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। পরে তেলেগু, তামিলসহ দক্ষিণ ভারতের অন্যান্য ভাষার ছবিতেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘এ এ আ’, ‘কার্তিকেয়া ২’, ‘টিল্লু স্কয়ার’ ও ‘বাইসন কালামাদান’।
নতুন অধ্যায়ের নাম ‘অনুপমা ২.০’
নিজের জীবনের এই পর্যায়কে ‘অনুপমা ২.০’ নাম দিয়েছেন অভিনেত্রী। এর মধ্য দিয়ে পুরোনো অভিজ্ঞতা পেছনে ফেলে নতুন করে বাঁচার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তাঁর কাছে এটি শুধু একটি সম্পর্ক থেকে বেরিয়ে আসার গল্প নয়; নিজের কণ্ঠ, আত্মবিশ্বাস ও জীবনের ওপর নিজের অধিকার ফিরে পাওয়ার গল্পও।
সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে অনুপমা লিখেছিলেন, কখনো কখনো নিজের শান্তি ফিরে পেতে এমন কিছু থেকে সরে আসতে হয়, যা সামনে এগিয়ে যাওয়ার পথ তৈরি করে না। পোস্টে নিজের কণ্ঠ ও জীবনকে বেছে নেওয়ার কথাও বলেছিলেন তিনি। ভয় কিংবা অন্যের অনুমতির অপেক্ষায় না থেকে নিজের কাছে ফিরে আসার বার্তাও ছিল সেখানে।
পোস্টটি প্রকাশের পর নানা ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন অভিনেত্রী। কেউ তাঁর সুস্থ হয়ে ওঠার যাত্রাকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ নানা অনুমানের ভিত্তিতে মন্তব্য করেছেন। অনুপমার বক্তব্য, পোস্টটি দেওয়ার আগে তাঁকে দীর্ঘ সময়ের কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই এর পেছনের বাস্তবতা না জেনে মন্তব্য করা সহজ হলেও বিষয়টি তাঁর জন্য মোটেও সহজ ছিল না।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস


