গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় ব্যবধানে হারের ম্যাচে শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। মন্থর ওভার রেটের কারণে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
বুধবার এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করা হয়। চলতি আসরে প্রথমবার নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় তুলনামূলক কম জরিমানা করা হয়েছে কামিন্সকে। তবে একই ধরনের ঘটনা আবার ঘটলে শাস্তির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ৮২ রানের বড় ব্যবধানে হারে গুজরাট টাইটান্সের কাছে। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় দলটি।
এদিকে ১২ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট টাইটান্স। আর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

