প্রান্তিক ও ভূমিহীন কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্ন আয়ের পেশাজীবী, নারী উদ্যোক্তা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফায় এককভাবে ১০ লাখ টাকা এবং দলগতভাবে সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাওয়া যাবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে।
নীতিমালা অনুযায়ী, স্কিমটির মেয়াদ হবে পাঁচ বছর। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে ১ শতাংশ সুদ বা মুনাফায় পুনঃঅর্থায়ন দেওয়া হবে।
অন্যদিকে, গ্রাহক পর্যায়ে ঋণের সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণের ক্রমহ্রাসমান স্থিতির (রিডিউসিং ব্যালান্স) ওপর এ সুদ বা মুনাফা হিসাব করা হবে। ১০, ৫০ ও ১০০ টাকার নো-ফ্রিলস ব্যাংক হিসাবধারীরা এ স্কিমের আওতায় ঋণের জন্য আবেদন করতে পারবেন।
ঋণের উপকারভোগীদের মধ্যে রয়েছেন ভূমিহীন ও প্রান্তিক কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি, দর্জি, হকার, রিকশা ও ভ্যানচালক, মেকানিক, ক্ষুদ্র দোকানদার, ভাসমান বিক্রেতা, পশুপালনকারী, মৎস্যচাষি ও ফ্রিল্যান্সারসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষ।
এ ছাড়া স্মার্ট কার্ডধারী কৃষক, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রবাসফেরত কর্মীরা ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীদের কারিগরি প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার জন্যও অভিভাবকের গ্যারান্টিতে ঋণ দেওয়া যাবে।
একক গ্রাহক বা ক্ষুদ্র উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ নিতে পারবেন। অন্যদিকে, ২ থেকে ৫ সদস্যের দল গঠন করে সদস্যপ্রতি সর্বোচ্চ ৮ লাখ টাকা হিসাবে একটি দল সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ পাবে।
মোট তহবিলের অন্তত ২৫ শতাংশ নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। ঋণের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর বা ৬০ মাস। এ সময়ের মধ্যে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড পাওয়া যাবে। গ্রাহকেরা মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক অথবা বার্ষিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবেন।
এ স্কিমের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত নেওয়া যাবে না। তবে সর্বোচ্চ দুজন ব্যক্তির ব্যক্তিগত গ্যারান্টি নেওয়া যাবে। ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে যুক্তিসংগত সহায়ক জামানত গ্রহণের সুযোগ রয়েছে। খেলাপি ঋণগ্রহীতারা এ স্কিমের আওতায় ঋণ পাবেন না।
তবে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সংগ্রহের জন্য গ্রাহকের কাছ থেকে কোনো চার্জ নেওয়া যাবে না।


