বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করে মিথ্যাচার করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ বক্তব্যের জবাব শিগগির দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি, ডা. শফিকুর রহমান। আমি কি পারি আমির হামজার ঘটনায় প্রমাণ দেখেন নাই? ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেননি বলে জাতীয় সংসদে যে মিথ্যাচার করলেন, এই মিথ্যাচারের জবাব আপনি শিগগির পাবেন।’
এর আগে একাধিক ফেসবুক পোস্টে জামায়াত নেতাদের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ তুলেছিলেন রাশেদ খান।
তবে বুধবার জাতীয় সংসদে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই সংসদের ৩৫০ জন সদস্যের সামনে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সঙ্গে বসার ইতিহাস আমাদের নেই।’


