পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আজ থেকেই ‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক
মে ২১, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গে কথিত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত, আটক ও ফেরত পাঠানোর উদ্যোগের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এ ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী পশ্চিমবঙ্গে অবস্থানরত অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। পরে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

তিনি জানান, আজ থেকেই পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ কার্যক্রম শুরু হবে। তবে ‘ডিলিট’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। প্রশাসনের একটি সূত্রের দাবি, ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার বিষয়টিই তিনি ইঙ্গিত করেছেন।

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু বলেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করা এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী আবেদন করার যোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। তবে মুসলিমদের এ আইনের আওতার বাইরে রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজ্য প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, পুলিশ কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফের কাছে হস্তান্তর করবে। পরে বিএসএফ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠানোর প্রক্রিয়া এগিয়ে নেবে।

তবে ঢাকার অবস্থান হচ্ছে, কেবল যাচাইকৃত ও প্রমাণিত বাংলাদেশি নাগরিকদেরই ফেরত নেওয়া হবে। এ বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, পশ্চিমবঙ্গে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ ছিল বিজেপির গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিশ্রুতির একটি অংশ। তবে মুসলিম জনগোষ্ঠীকে কেন্দ্র করে এমন পদক্ষেপ সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিভিন্ন নির্বাচনী প্রচারণায় অভিযোগ করেছিলেন, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের জনমিতিক পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে।

এদিকে আসাম সরকারও সম্প্রতি কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও আটক কার্যক্রম জোরদার করেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইতিমধ্যে কয়েকশ ব্যক্তিকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিছু ব্যক্তিকে ফেরত পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ–বাংলাদেশ সীমান্তের প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার এলাকার মধ্যে ১ হাজার ৬০০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা রয়েছে। সীমান্ত আরও নিরাপদ করতে বিএসএফের জন্য নতুন বর্ডার আউটপোস্ট ও অবকাঠামো নির্মাণেও জমি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

তিনি অভিযোগ করেন, আগের সরকার ভোটব্যাংকের রাজনীতির কারণে সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দেয়নি। তাঁর দাবি, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অন্যান্য অঞ্চলেও নিরাপত্তা ও সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।