তুরস্কের পূর্বাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাসে বিয়ের গহনা ও উপহার হিসেবে পাওয়া অর্থ চুরির অভিযোগে এক নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংবাদমাধ্যম তোলো নিউজ শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রেপ্তার হওয়া মামুরা কালপুনোভা উজবেকিস্তানের নাগরিক। মুস্তফা আতেসোগলোর সঙ্গে তার বিয়ে হয়।
নববধূর পরিবার বিয়েতে ১ কোটি লিরা খরচ করে। তিন দিন ও তিন রাত ধরে চলে বিয়ের বিভিন্ন আয়োজন। এ সময় নববধূ ৪০ থেকে ৫০ লাখ লিরার সমমূল্যের গহনা উপহার পান। তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিনই স্বামীর বাড়ি থেকে তিনি উধাও হয়ে যান।
পরে স্বামীর পরিবার পুলিশের কাছে অভিযোগ করলে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে গহনা চুরির অভিযোগ অস্বীকার করেছেন ওই নববধূ। তিনি বলেন, উপহার হিসেবে পাওয়া সব গহনা তিনি সঙ্গে নেননি। তার দাবি, বিয়ের পরপরই স্বামী তাকে হুমকি ও অপমান করেন। এরপর রাগ করে তিনি মায়ের বাড়িতে চলে যান।
নববধূ আরও দাবি করেন, মায়ের বাড়িতে যাওয়ার সময় তিনি ২০টি সোনার কয়েন ও নগদ ২ লাখ ২৬ হাজার লিরা সঙ্গে নিয়ে যান। বাকি সোনার গহনা তার শ্বশুরের কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
যে বাড়ি থেকে ওই নববধূকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে তল্লাশি চালায় পুলিশ। তবে ওই বাড়ি থেকে আর কোনো গহনা উদ্ধার করা যায়নি।
পুলিশ জানিয়েছে, প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত চলছে।
সূত্র: খামা প্রেস


