বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনালী লাইফের দুই বিমা পণ্য পাওয়া যাবে নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ডিজিটাল বিমাসেবার পরিধি বাড়ানো এবং সাধারণ মানুষের কাছে জীবন বিমা আরও সহজলভ্য করতে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও নগদ। এ অংশীদারত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর বিমাসেবার প্রসার এবং ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও বেশি মানুষের কাছে জীবন বিমার সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান দুটি।

চুক্তির আওতায় সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসির দুটি ডিজিটাল বিমা পণ্য—কুইক সেভিংস ইনস্যুরেন্স প্ল্যান ও মান্থলি সেভিংস প্ল্যান—নগদের ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এর ফলে গ্রাহকেরা ডিজিটাল মাধ্যমে সহজেই জীবন বিমাসেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ক্যাশলেস লেনদেন বাড়ানো, গ্রাহকদের সুবিধা নিশ্চিত করা এবং বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠান দুটির।

গত ১৪ অক্টোবর ঢাকায় সোনালী লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া বলেন, ‘সোনালী লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে এ অংশীদারত্বের ফলে ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জীবন বিমাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। নগদ গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেন সহজ করার পাশাপাশি নতুন ডিজিটাল সেবা যুক্ত করার ওপর গুরুত্ব দিয়ে আসছে। আমরা আশা করি, এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা সহজে বিমা পণ্য কেনার সুযোগ পাবেন। একই সঙ্গে দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধিও বৃদ্ধি পাবে।’

সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, ‘নগদের সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব ডিজিটাল মাধ্যমে জীবন বিমাসেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নগদের প্ল্যাটফর্মে আমাদের বিমা পণ্য দুটি যুক্ত করার মাধ্যমে আমরা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে, বিমা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর জন্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।’

প্রতিষ্ঠানটির আরেক পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া বলেন, ‘এই অংশীদারত্ব কেবল একটি ডিজিটাল সহযোগিতা নয়; বরং বাংলাদেশের মানুষের কাছে আর্থিক সুরক্ষা পৌঁছে দেওয়ার পদ্ধতিকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ। সোনালী লাইফের বিমাসেবা-সংক্রান্ত অভিজ্ঞতা এবং নগদের বিস্তৃত ডিজিটাল নেটওয়ার্ককে একত্রিত করে আমরা জীবন বিমাকে আরও সহজলভ্য, সুবিধাজনক এবং মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে প্রাসঙ্গিক করে তুলতে চাই।’

সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাহকসেবার মান উন্নয়ন এবং বিমাসেবার পরিধি বাড়ানোর ক্ষেত্রে ডিজিটাল রূপান্তর আমাদের কৌশলগত অগ্রাধিকারের অন্যতম। নগদের সঙ্গে এই অংশীদারত্বের ফলে গ্রাহকেরা আমাদের দুটি জীবন বিমা পণ্য গ্রহণ ও ক্রয়ের জন্য একটি সুবিধাজনক ডিজিটাল মাধ্যম পাবেন।’

এ অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজলভ্য ও প্রযুক্তিনির্ভর বিমাব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করছে সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও নগদ। জীবন বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, আর্থিক সুরক্ষার আওতা সম্প্রসারণ এবং দেশের ডিজিটাল বিমাসেবার বিকাশে ইতিবাচক অবদান রাখাও এ উদ্যোগের লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনস্যুরেন্স পিএলসির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান ও চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) হাসিব রেজা। নগদের পক্ষে উপস্থিত ছিলেন হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু, হেড অব ব্যাংক, এফআই, ইনস্যুরেন্স অ্যান্ড এমএফআই ইসতিয়াক আহমেদ শাওন, লিড—ইনস্যুরেন্স অ্যান্ড এনবিএফআই তাপস আহমেদ এবং অ্যাকাউন্ট ম্যানেজার আল তিমায়াত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।