জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. নূরুল হুদা। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন।
আইসিবিতে দায়িত্ব পালনকালে তিনি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল অপারেশনস বিভাগের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন মো. নূরুল হুদা। দীর্ঘ কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে ব্যাংকটির প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা। এ ছাড়া তিনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন ও ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশনে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবেও কাজ করেছেন তিনি।
মো. নূরুল হুদা ১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ে বি.কম. (অনার্স) এবং ১৯৯৩ সালে ব্যাংকিং বিষয়ে এম.কম. ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে ইএমবিএ ডিগ্রি নেন। তিনি আইবিবির ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। দেশ-বিদেশে বিভিন্ন ব্যাংকিংবিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালায়ও অংশ নিয়েছেন তিনি।
১৯৭২ সালে পিরোজপুরের নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মো. নূরুল হুদা।


