বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন অ্যাপ চালু করল নগদ, থাকছে এআইভিত্তিক জালিয়াতি প্রতিরোধ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৩, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

ডিজিটাল আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। গ্রাহকবান্ধব ইন্টারফেস ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি অ্যাপটি মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, দৃষ্টিনন্দন নকশার নতুন অ্যাপটি দেশের আর্থিক খাতের অন্যতম নিরাপদ অ্যাপ হিসেবে তৈরি করা হয়েছে। এটিকে ধাপে ধাপে আরও উন্নত ও গ্রাহকবান্ধব করার প্রক্রিয়া চলমান থাকবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ভবিষ্যতে অ্যাপটিতে আরও নতুন সুবিধা যুক্ত করা হবে।

নগদ জানিয়েছে, নতুন অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। নতুন করে লেনদেন শুরুর আগে গ্রাহকদের অ্যাপটি হালনাগাদ করে নিতে হবে। এতে নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল লেনদেন করা যাবে।

নতুন অ্যাপের মাধ্যমে নগদের লেনদেনের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। তাদের ভাষ্য, অ্যাপটির সাড়া দেওয়ার সময়, লোডিং টাইম ও ল্যাগ অন্যান্য আর্থিক সেবার অ্যাপের তুলনায় কম। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে বহুল ব্যবহৃত ফিচারগুলোও নতুনভাবে সাজানো হয়েছে।

সহজ ও জটিলতামুক্ত নকশার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষও সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নগদ। এতে পেমেন্ট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পরিশোধ এবং ইন্টারঅপারেবিলিটি সেবার মাধ্যমে গ্রাহকদের লেনদেনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এ উদ্যোগ দেশের ক্যাশলেস লেনদেনের প্রসারেও ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

নগদ আরও জানিয়েছে, অল্প সময়ের মধ্যে অ্যাপটিতে ঋণ, ফিক্সড ডিপোজিট ও ইনস্যুরেন্সের মতো আর্থিক সেবা যুক্ত করা হবে।

প্রতারণা ঠেকাতে এআইভিত্তিক নিরাপত্তা

লেনদেনের ক্ষেত্রে প্রতারণার ঝুঁকি কমাতেও নতুন অ্যাপটিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে নগদ। অ্যাকাউন্টের নিরাপত্তা জোরদার করতে এতে ডিভাইস বাইন্ডিং সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক মানের বহুতল নিরাপত্তাব্যবস্থা। উন্নত প্রযুক্তিনির্ভর জালিয়াতি প্রতিরোধব্যবস্থার মাধ্যমে প্রতিটি অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি বলেছে, প্রতারণা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হ্যাকিংয়ের ঝুঁকি মোকাবিলায় অ্যাপটিতে এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হয়েছে। এটি তাৎক্ষণিকভাবে সন্দেহজনক নিরাপত্তাঝুঁকি শনাক্ত করে তা প্রতিরোধে কাজ করবে।

নতুন অ্যাপ চালুর বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক-নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার পাশাপাশি তাঁদের আর্থিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন অ্যাপ চালু করা হয়েছে। নতুন অ্যাপে আমরা আধুনিক ইউজার ফ্রেন্ডলি অভিজ্ঞতার পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা কাঠামো যুক্ত করেছি। ফলে গ্রাহকেরা আরও সহজে, দ্রুত এবং একই সঙ্গে নিজেদের তথ্য ও অর্থ সুরক্ষিত রেখে দৈনন্দিন সব ডিজিটাল লেনদেন সম্পন্ন করতে পারবেন।’

মোতাছিম বিল্লাহ আরও বলেন, ‘নগদের মূল লক্ষ্য হলো এমন একটি ইকোসিস্টেম তৈরি করা, যাতে গ্রাহকেরা এই একটি অ্যাপ থেকেই দৈনন্দিন সব আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন।’

গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক চাহিদার কথা বিবেচনায় নিয়ে অ্যাপটিতে নিয়মিত নতুন সেবা ও নিরাপত্তাবৈশিষ্ট্য যুক্ত করা হবে বলেও জানান নগদের প্রশাসক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।