প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টানা ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়েই ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি হয়েছিল।
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, ‘১৭ বছরের নিরন্তর রক্তঝরানো সংগ্রামের মধ্য দিয়ে বিপুল শক্তি নিয়ে ছাত্র-জনতার বিস্ফোরণ ঘটে। ২০২৪ সালের জুলাই মাসে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে যে অভিনব প্রতিরোধ ও প্রতিবাদের পরিবেশ তৈরি করেছিল, তা কখনো ভোলার নয়। অসংখ্য ছাত্রছাত্রী ও কিশোর-কিশোরীর আত্মত্যাগের মধ্য দিয়ে এক ভয়ংকর রক্তপিপাসু ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের পতনের পর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বাক্স্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, নাগরিক অধিকার এবং নিরাপদে চলাচলের নিশ্চয়তা। এসব অধিকারের দাবিতে বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর ধরে আন্দোলন চলেছে। সেই প্রেক্ষাপটেই সমাজে আরেকটি আন্দোলনের ভিত্তি তৈরি হয়। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে ছাত্রছাত্রী, জনতা, শ্রমিকসহ সর্বস্তরের মানুষের অভূতপূর্ব গণজাগরণ দেখা গেছে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ৫ আগস্ট। ওই দিন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের অবসান হয়। এ কারণে জুলাইয়ের এই বিপ্লবকে ৫ আগস্ট পর্যন্ত বিস্তৃত একটি সংগ্রাম ও রক্তঝরানো গণঅভ্যুত্থানের মাস হিসেবে ঘোষণার কথা শোনা গেছে।
রিজভী বলেন, এ উপলক্ষে গত বছর বিএনপি যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছিল। এবারও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের পাশাপাশি সরকারও নানা কর্মসূচি পালন করছে।
তিনি জানান, কর্মসূচিগুলো আরও সুসংগঠিতভাবে পালনের লক্ষ্যে আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

