ধামগড়ে আওয়ামী লীগের লকডাউন-হরতালের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও শোডাউন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) রাতে ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হামজার সার্বিক তত্ত্বাবধানে জাঙ্গাল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জাঙ্গাল বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
কর্মসূচিতে ধামগড় ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তাঁরা যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের কথা জানান।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ধামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন বলেন, “আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও হরতালের প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ মিছিল ও শোডাউন। সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ। কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ধামগড় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক ঐক্য ও শক্তি ধরে রেখে যেকোনো পরিস্থিতিতে তাঁরা সাধারণ মানুষের পাশে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন ধামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান আপন, কবির হোসেন, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর, ইসলাম মিয়া, মোক্তার হোসেন, মোস্তফা কামাল, শফিকুল ইসলাম, মাসুম, দেলোয়ার খন্দকার, মো. আমান, জামান, জাহাঙ্গীর মোল্লা, আরিফ হোসেন, বাহাউদ্দিন, হোসেন আলী, রনি, মোবারক মোল্লা, জামাল, কামু ও জালালউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়—এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।


