বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে তিন বাস ও দুই লেগুনায় আগুন

তারেক হাসান চৌধুরী
নভেম্বর ১৮, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জে এক রাতে তিন স্থানে তিন বাস ও দুই লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে এক রাতে পৃথক তিনটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে তিনটি বাস ও দুটি লেগুনা পুড়ে গেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাইওয়ে রোডে আব্দুর রশিদ মার্কেটের পাশে মেঘলা বাস ডিপোর সামনে পার্ক করে রাখা মেঘলা ট্রান্সপোর্ট কোম্পানির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের অদূরেই নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও বাসের স্টাফ মো. আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে বাস দুটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন দুটি বাসে ছড়িয়ে পড়ে। এ সময় তিনি ডাকাত ভেবে চিৎকার করলে একজন তাকে গুলি করার কথা বলে। পরে একটি ফাঁকা গুলির মতো শব্দ শুনে তিনি নিরাপদ স্থানে সরে যান বলে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাস দুটির ভেতরের অংশ পুড়ে যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাসের স্টাফ মো. আলম।

বাসমালিক শহিদুল আলম বলেন, বাস দুটি থেকে পাওয়া ভাড়ার টাকা দিয়ে তিনি অসুস্থ স্ত্রীর কিডনি ডায়ালাইসিসের খরচ বহন করতেন। দীর্ঘদিন ধরে বাস দুটি সংসারের আয়ের অন্যতম উৎস ছিল। দুর্বৃত্তরা আগুন দিয়ে তাঁর সবকিছু শেষ করে দিয়েছে বলে আক্ষেপ করেন তিনি।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রঞ্জু জানান, গোলাকান্দাইল এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে একই রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের ইউটার্ন সংলগ্ন সড়কের পাশে বাসটি পার্ক করা ছিল। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জুলহাস জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা রাস্তার পাশে পার্ক করা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারি এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি লেগুনায়ও অগ্নিসংযোগ করা হয়। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

একই রাতে নারায়ণগঞ্জের পৃথক তিনটি স্থানে একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।