নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার, খোকনের বিরুদ্ধে ১১ মামলা
(তারেক হাসান চৌধুরী) নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
- নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চোক্কা ওরফে খোকন ডাকাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার খোকনের বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা চলমান রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে বন্দর থানার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর থানার সোনাচড়া এলাকার আব্দুল লতিফের ছেলে চোক্কা ওরফে খোকন (৩৬), রামনগর এলাকার ফয়েজ আহম্মেদের ছেলে মো. পারভেজ (২৮) এবং একই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মো. মঞ্জুর (৫০)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার চাপাতি, কালো কস্টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, খোকন ওরফে চোক্কার বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১১টি মামলা চলমান এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে, মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


