- রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ এবং একই উপজেলার ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন বলে জানা গেছে। এ সময় তারা দাবি করেন, তাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা কিংবা পরিবারের সদস্যরা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন।
তাদের ভাষ্য, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে কলেজে এসেছিলেন তারা। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন বলেও তারা জানিয়েছেন।
রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, “তারা কী নিয়ে গর্ব করে? তাদের নেত্রী তো পালিয়ে গেছেন, আর ফিরে আসবেন না। এভাবে সারা দেশে ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।”
শিক্ষার্থী রাজিব বলেন, আটক দুজন নিজেরাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের একজনের মুঠোফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। এমনকি গতকালও ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন বলে অভিযোগ করেন রাজিব। এ ঘটনায় তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
এদিকে, আটক দুজনের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা।


