দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে টেকনো। ‘স্পার্ক ৫০ প্রো’ মডেলের এই ফোনটি পানির নিচে ছবি ও ভিডিও ধারণ করতে সক্ষম। ধুলাবালু ও পানি প্রতিরোধী প্রযুক্তি থাকায় ফোনটি ৬ মিটার গভীর পানিতেও সচল থাকে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ জানায়, পানিতে পড়ে গেলেও ফোনটির কার্যক্ষমতা বজায় থাকে। পাশাপাশি ড্রপ রেজিস্ট্যান্স ও ড্রপ প্রোটেকশন প্রযুক্তি থাকায় হাত থেকে পড়ে গেলে সহজে ক্ষতিগ্রস্ত হয় না।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফলে উচ্চ রেজোলিউশনের ছবি ও ভিডিও আরও মসৃণভাবে দেখা যায়। নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার থাকায় কোলাহলপূর্ণ পরিবেশেও স্পষ্ট শব্দ শোনা সম্ভব।
স্পার্ক ৫০ প্রোতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার চার্জিং সুবিধা। ফলে অল্প সময়েই ব্যাটারি চার্জ করা যায়।
মিডিয়াটেক হেলিও জি১০০ আলটিমেট প্রসেসরচালিত ফোনটি ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজের ভিন্ন ভিন্ন সংস্করণে পাওয়া যাবে। ফলে একাধিক অ্যাপ ও কাজ একসঙ্গে পরিচালনা করা সহজ হবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ প্রধান ক্যামেরা। সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর মাধ্যমে উচ্চমানের ছবি ও ভিডিও ধারণ করা যাবে।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং এবং এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট।
সংস্করণভেদে ফোনটির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।

