দীর্ঘ প্রায় ১৮ বছর পর আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপতারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বের অন্যতম ঐতিহাসিক ও দর্শনীয় এই স্থাপনায় অনুষ্ঠিত হবে তাঁর বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে পরিবেশনা করেছিলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কনসার্টটির আয়োজন করছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল। এর আগে প্রতিষ্ঠানটি জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের নিয়ে একাধিক কনসার্ট আয়োজন করেছে।
বিশ্ব সফরের অংশ হিসেবে মিশরে শাকিরা
বর্তমানে নতুন অ্যালবাম ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’-কে কেন্দ্র করে বিশ্ব সফরে রয়েছেন শাকিরা। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর এই সফর বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে।
তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে শাকিরা বিশ্বজুড়ে ৯ কোটি ৫০ লাখের বেশি অ্যালবাম ও রেকর্ড বিক্রি করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার।
সম্প্রতি তাঁর নতুন গান ‘দাই দাই’ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায় জায়গা করে নিয়েছে।
ভক্তদের উদ্দেশে শাকিরার বার্তা
গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শাকিরা।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। আপনাদের সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’
ভক্তদের আগ্রহ তুঙ্গে
শাকিরার মিশর সফরের ঘোষণা প্রকাশের পর থেকেই দেশটির সংগীতপ্রেমী দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তাঁর ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের ধারণা, ঐতিহাসিক এই কনসার্টে দেশি-বিদেশি হাজারো দর্শক উপস্থিত থাকবেন।

