বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনাগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।
গত ২৩ নভেম্বর বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২২টি ক্যাটাগরিতে দেশের করপোরেট খাতের ২৩ জন শীর্ষ নির্বাহীকে সম্মাননা দেওয়া হয়। কামরুল হাসানের এ অর্জন তাঁর দীর্ঘ কর্মজীবন, পেশাদারত্ব এবং ভোক্তাপণ্য খাতে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের অগ্রযাত্রায় তাঁর অবদানের স্বীকৃতি।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় এসিআই পিএলসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কামরুল হাসান। তিনি বলেন, ‘এই অর্জন আমার একার নয়, বরং প্রতিষ্ঠানের দক্ষ ও নিবেদিতপ্রাণ সহকর্মীদের সম্মিলিত সাফল্য।’ এ অর্জনের পেছনে প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্ব, সহকর্মী, ব্যবসায়িক অংশীদার এবং সম্মানিত বিচারকমণ্ডলীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
আড়াই দশকের বেশি সময়ের কর্মজীবনে দেশের এফএমসিজি খাতে পরিচিত মুখ হয়ে উঠেছেন কামরুল হাসান। ব্র্যান্ড মার্কেটিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করে ১৯৯৯ সালে তিনি গ্লোবাল বেভারেজ কোম্পানি লিমিটেডে যোগ দেন। সেখানে তিনি ভার্জিন ড্রিংকস বাজারে আনেন। পরে এসিআইয়ে যোগ দিয়ে দুই দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটির ভোক্তাপণ্য ব্যবসার বিকাশে ভূমিকা রাখেন।
বিজনেস ডিরেক্টর হিসেবে প্রতিষ্ঠানের বহুমুখী পণ্য পোর্টফোলিওতে দায়িত্ব পালনের পর ২০২৮ সালে এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের চিফ বিজনেস অফিসার (সিবিও) পদে পদোন্নতি পান তিনি। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও সিওও হিসেবে দায়িত্ব পালন করছেন।
দেশের প্রথম আয়োডিনযুক্ত ভ্যাকুয়াম ইভাপোরেটেড (ভিই) লবণ ‘এসিআই পিওর সল্ট’ বাজারে আনা এবং পণ্যটির প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা বিশেষভাবে স্বীকৃত। এ ছাড়া এয়ার ফ্রেশনার, ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন ও টুইংকেল বেবি ডায়াপারের মতো পণ্য বাজারে প্রতিষ্ঠিত করতেও ভূমিকা রেখেছেন তিনি।
কামরুল হাসান মনে করেন, সহকর্মীদের হাতে দায়িত্ব ও মালিকানাবোধ তুলে দেওয়া, তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে উৎসাহিত করাই নেতৃত্বের মূল বিষয়।


