পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

খিরার বাজারমূল্য ছোঁয় ২০ কোটি

Md Abu Bakar Siddique
নভেম্বর ১৬, ২০২৫ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এ বছর ব্যাপকভাবে বেড়েছে খিরা চাষ। প্রতি বছরই বাড়ছে এ ফসলের আবাদ। বাড়ছে নতুন কৃষকের আগ্রহ। একসময় যারা লোকসানে পড়েছিলেন, তাদের অনেকেই এখন খিরা চাষ করে জিরো থেকে হিরো হয়েছেন। উপজেলায় ঘুরে দেখা গেছে, চেঙ্গাকান্দি, গোলাপের চর, হাসনাবাদ, হাসানপুর, ইলিয়টগঞ্জ, রায়পুর, মোহাম্মদপুর, বরকোটাসহ সব এলাকায় এখন খিরা গাছের সবুজ পাতার সমারোহ।কৃষকরা জানান, এ বছর প্রতি বিঘায় ৩০ থেকে ৪০ মণ পর্যন্ত ফলন হতে পারে। একই সঙ্গে বাজারেও ভালো দামের আশা করছেন তারা। আগাম মৌসুমে খিরার চাহিদা বেশি থাকায় লাভ নিয়ে আশাবাদী কৃষকরা।উপজেলা কৃষি বিভাগ জানায়, এ বছর দাউদকান্দিতে ৪০০ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ৫০ হেক্টর বেশি। পুষ্টিগুণে ভরপুর এ খিরার উৎপাদিত মূল্য ধরা হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা সম্ভব হবে দাউদকান্দির খিরা। কম খরচে বেশি লাভ হওয়ায় নতুন নতুন কৃষকও খিরা চাষে আগ্রহী হচ্ছেন।

জানা গেছে, মোহাম্মদপুর ইউনিয়নের বরকোটা গ্রামের কৃষক সোলেমান মিয়া, দাউদকান্দি উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের আলী আকবর, গোলাপের চর গ্রামের রহিম মিয়া, হাসানপুর গ্রামের সিরাজ মিয়া, নন্দনপুর গ্রামের সুরুজ মিঞা, ইলিয়টগঞ্জের আবু ইউসুফ এবং রায়পুর গ্রামের মালু মিয়া- প্রতি বছরই বাণিজ্যিকভাবে খিরা চাষ করেন। তাদের উৎপাদিত খিরা সুস্বাদু হওয়ায় চাহিদাও বেশি। বাজারে আগাম খিরার দামও তুলনামূলক ভালো মেলে।বরকোটা গ্রামের কৃষক সোলেমান মিয়া বলেন, ‘আমি প্রতি বছরের মতো এবারও সাত কানি জমিতে খিরা চাষ করেছি। গত বছর তুলনায় এবার ফলন আরও ভালো হবে বলে আশা করছি। কয়েক বছর আগে আলু চাষ করে লোকসান হয়েছিল, কিন্তু খিরা আমাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিয়েছে। প্রতিদিনই গাছের পরিচর্যা করছি। প্রতিটি গাছে ভালো ফুল ও ফল এসেছে। আশা করছি এবারও লাভ হবে।’

চেঙ্গাকান্দির কৃষক আলী আকবর বলেন, ‘তিন বছর ধরে ৩৫ শতক জমি বর্গা নিয়ে খিরা চাষ করছি। এবার ফলন ভালো হবে। গত বছর চারা মারা যাওয়ায় নতুন করে চারা রোপণ করতে হয়েছিল। দেরিতে উৎপাদন হওয়ায় ভালো দাম পাইনি। এবার এক মাস আগে চাষ করেছি, তাই লাভ একটু বেশি হবে বলে আশা করছি।’

গোলাপের চর গ্রামের শরীফ মিয়া বলেন, ‘খিরা চাষ অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভ দেয়। তাই দাউদকান্দিতে খিরা চাষ এখন খুব জনপ্রিয়। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর উপজেলায় ১৫ থেকে ২০ কোটি টাকার খিরা উৎপাদন হবে।’

বরকোটা গ্রামের আজগর আলী দীর্ঘ ১১ বছর ধরে বর্গা জমিতে চাষ করছেন। তিনি বলেন, ‘৬০ শতক জমিতে খিরা চাষ করি। ছেলেরাও সাহায্য করে। এ বছর আবহাওয়া ভালো, তাই ফলনও ভালো হবে। দামও বাড়তি পাব বলে মনে করি।’উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, ‘এ বছর ৩৫০ হেক্টর জমিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু তার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে দাউদকান্দিতে এবার খিরার বাম্পার ফলন হবে।’দাউদকান্দির কৃষকরা জানান, খিরা এখন তাদের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। সঠিক পরিচর্যা, উপযুক্ত আবহাওয়া এবং বাজারমূল্য ভালো থাকলে এ অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। নতুন চাষিরা বলছেন, অন্যান্য ফসলের তুলনায় কম ঝুঁকি ও দ্রুত ফলন পাওয়ায় খিরা এখন তাদের অন্যতম ভরসা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।