ব্রোকারেজ প্রতিষ্ঠান শান্তা সিকিউরিটিজ রাজধানীর ধানমন্ডিতে নতুন শাখা চালু করেছে। রোববার আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শাখাটির কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। নতুন শাখার মাধ্যমে ধানমন্ডি ও আশপাশের এলাকার বিনিয়োগকারীরা এখন আরও সহজে শান্তা সিকিউরিটিজের ব্রোকারেজ সেবা নিতে পারবেন। শাখাটিতে বিনিয়োগকারীরা লেনদেন-সংক্রান্ত সেবার পাশাপাশি বাজার পরিস্থিতি, গবেষণা ও বিনিয়োগ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
নতুন শাখা উদ্বোধন উপলক্ষে শান্তা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আসাদুজ্জামান বলেন, শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে আস্থা অর্জন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই আস্থা তৈরি হয় বিনিয়োগকারীদের কথা বোঝা, বাজার সম্পর্কে সঠিক ধারণা রাখা এবং মানসম্মত গবেষণার মাধ্যমে।
ধানমন্ডির নতুন শাখার মাধ্যমে আরও বেশি বিনিয়োগকারীর পাশে থাকার সুযোগ তৈরি হলো। শাখাভিত্তিক সেবার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিজিটাল সুবিধাও বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি। শান্তা ইজি ট্রেড (Shanta Easy Trade) অ্যাপের মাধ্যমে গ্রাহকরা অনলাইনে শেয়ার লেনদেন করতে পারেন। আর শান্তা ইজি এক্স (Shanta Easy X) অ্যাপে পাওয়া যায় পুঁজিবাজারের হালনাগাদ তথ্য, গবেষণা ও বিভিন্ন ব্রোকারেজ-সংশ্লিষ্ট সেবা।


