মুফতি নাঈমুদ্দীন আল কাদরী (রহ.)-এর ৩৪তম ওরশ ও মাদ্রাসার ৪৬তম বার্ষিক জলসা অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি: আহমদ রেজা
প্রখ্যাত ইসলামী স্কলার ও সুন্নতের অতন্দ্র প্রহরী মুফতি হযরতুলহাজ্ব আল্লামা মুফতি নাঈমুদ্দীন আল কাদরী (রহ.)-এর ৩৪তম বার্ষিক ওরশ শরীফ এবং তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসার ৪৬তম বার্ষিক ছালানা জলসা গত ৩০ ও ৩১ অক্টোবর, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বক্তা, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজনটি সম্পন্ন হয়। মরহুম মুফতি নাঈমুদ্দীন আল কাদরী (রহ.)-এর ধর্মীয় ও আধ্যাত্মিক অবদান স্মরণ এবং তাঁর প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের উন্নয়নকে সামনে রেখে এ আয়োজন করা হয়।
প্রতি বছর অক্টোবর মাসকে ‘নাঈমুদ্দীন আল কাদরী মাস’ হিসেবে পালন করা হয়। এ মাসজুড়ে তাঁর জীবন, কর্ম ও অবদান স্মরণ করার পাশাপাশি মাদ্রাসার ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়ন এবং বার্ষিক ওরশ শরীফ ও ছালানা জলসা সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
ওরশ শরীফ ও বার্ষিক জলসা সফল করতে মাদ্রাসা পরিচালনা কমিটি, প্রিন্সিপাল কাজী মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমানসহ মাদ্রাসাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা মরহুমের আশেকান, ভক্ত-অনুরাগী, নবীপ্রেমিক, দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও সুন্নি জনতাকে অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মাধ্যমে মরহুমের ধর্মীয় ও আধ্যাত্মিক অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি মাদ্রাসার শিক্ষা ও ধর্মীয় কার্যক্রম আরও এগিয়ে যাবে।


