পত্রিকার পাতা
ঢাকারবিবার , ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর, বায়ুদূষণ রোধে দ্রুত পদক্ষেপের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজধানীতে হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণ, দূষণকারী যানবাহন অপসারণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে পরিবেশ দূষণসংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের তথ্য জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইটভাটার দূষণ কমাতে বিকল্প প্রযুক্তির ওপর জোর

বৈঠকে বায়ু ও শব্দদূষণ প্রতিরোধে চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে ইটভাটা থেকে সৃষ্ট বায়ুদূষণ কমাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

হর্ন নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের আলোচনা

রাজধানীতে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এ ক্ষেত্রে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার মতো প্রযুক্তি হর্ন নিয়ন্ত্রণেও ব্যবহার করা যায় কি না, সে বিষয়েও মতবিনিময় হয়।

দূষণকারী যানবাহন অপসারণের নির্দেশ

বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশও দেওয়া হয়।

বৈঠকে যারা উপস্থিত ছিলেন

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।