ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চার নেতাকে থানায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলেছে, আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, গত বুধবার বিকেল থেকে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতরা রাজু ভাস্কর্যে অনশন কর্মসূচি শুরু করেন। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মী রয়েছেন—এমন তথ্য পেয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ কয়েকজন নেতা–কর্মী সেখানে যান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল দলের উপস্থিতিতে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, বাকৃবির একই হলের ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান মনির।
ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন বলেন, ‘আমরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশন থেকে পেয়েছি। তাঁরা বিভিন্ন পদে পোস্টেড ছিলেন। পরে পুলিশ এসে তাঁদের তুলে নিয়ে গেছে।’
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


