রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বৃক্ষরোপণ
মোঃ শাকিল আহামাদ রাজশাহী
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, এমপি। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উদ্যান প্রাঙ্গণে তিনি একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
পরিবেশ সংরক্ষণ ও রূপায়নের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিমন্ত্রীর পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন অংশগ্রহণ করেন। তারাও উদ্যান প্রাঙ্গণে একটি করে বৃক্ষচারা রোপণ করেন।
বৃক্ষরোপণকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী সবুজ পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর অতিরিক্ত প্রধান ড. মো. আবুল হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন এবং উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


