বলিউড অভিনেতা সালমান খানের পর্যবেক্ষণ ক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী জাহির ইকবাল জানিয়েছেন, তাঁদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার অনেক আগেই বিষয়টি বুঝে ফেলেছিলেন সালমান। এমনকি সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তিনি মজার একটি মন্তব্য করেছিলেন।
সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর উপস্থাপনায় একটি চ্যাট শোতে অতিথি হয়ে নিজেদের সম্পর্কের শুরুর দিকের নানা স্মৃতি তুলে ধরেন সোনাক্ষী ও জাহির।
প্রেমের আভাস প্রথম ধরেছিলেন সালমান
সোনাক্ষী জানান, তাঁদের মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠলেও তখন দুজনেই বিষয়টি অস্বীকার করতেন। তবে সালমান খান সহজেই বুঝে ফেলেছিলেন সবকিছু।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমাদের মধ্যে যে বিশেষ সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা সালমান বুঝে গিয়েছিলেন। তিনি যখনই জানতে চাইতেন, আমরা বলতাম—আমাদের মধ্যে তেমন কিছু নেই।’
তিনি আরও বলেন, একদিন সালমান মজা করে বলেছিলেন, ‘একদিন যদি তোমাদের বিচ্ছেদ হয়, তখন দুজনেই এসে আমার কাছে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তাই কারও পক্ষ নিতে চাই না।’
সোনাক্ষীর মতে, সেই মন্তব্য শুনে তিনি ও জাহির দুজনেই বিস্মিত হয়েছিলেন। কারণ, তাঁরা তখনও প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।
ট্রেকিংয়েও দিয়েছিলেন ইঙ্গিত
জাহির ইকবালও জানান, একবার ট্রেকিংয়ে গিয়ে সালমান তাঁকে আলাদা করে ডেকে বলেছিলেন, ‘সবই কিন্তু বোঝা যাচ্ছে।’
সেই ঘটনার পরই তাঁদের কাছে স্পষ্ট হয়ে যায় যে, সম্পর্কের বিষয়টি সালমানের নজর এড়ায়নি।
সাত বছরের সম্পর্কের পর বিয়ে
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল দীর্ঘ প্রায় সাত বছর নিজেদের সম্পর্ক আড়ালে রেখেছিলেন। পরে সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।
বর্তমানে তাঁরা বলিউডের আলোচিত দম্পতিদের অন্যতম। বিভিন্ন সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় ভক্তদের আগ্রহও বাড়ছে।

