পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা: ‘সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণ প্রতিরোধ করবে’—নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩০, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার সন্ত্রাসের পথে হাঁটলে জনগণও প্রতিরোধের পথে হাঁটবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়, বাংলাদেশের আপামর ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ গতকাল হবিগঞ্জ থেকে আজ গোলাপগঞ্জে আমরা যা দেখছি, তাতে মনে হচ্ছে সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে এবং সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মুক্ত হচ্ছে। সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে।’

তিনি বলেন, ‘আমরা এখন গোলাপগঞ্জে যাব। সেখানে দাঁড়াব। দেখি, এই সরকারের কত সন্ত্রাসী আছে এবং তারা আমাদের কতটা প্রতিরোধ করতে পারে। তবে গণভোটের গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। উপজেলার চৌমুহনী পৌরসভার গেটের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির কাচ ভেঙে যায়। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

এনসিপির গাড়িবহরে হামলার বিষয়ে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল মেরেছে। এতে সারজিস আলমের গাড়ির কাচ ভেঙেছে। গাড়িবহরে হামলা—বিষয়টা এ রকম নয়। কেউ আহত হয়েছে—এমন কোনো তথ্য আমার কাছে নেই।’

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এনসিপির দাবি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ওই হামলা চালিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।