বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ নিয়ে যা বলছেন আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ইতিমধ্যে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলার বিচার ও তদন্ত চলছে। এ ছাড়া সারা দেশে তাঁর বিরুদ্ধে পাঁচ শতাধিক মামলা রয়েছে।

সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরা এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের আইনি সুযোগ নিয়ে ভিন্নমত জানিয়েছেন আইনজীবীরা।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই। তাঁকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির আওতায় আসতে হবে। রায় প্রকাশের পর আপিলের জন্য ৩০ দিন সময় থাকলেও তিনি কোনো আপিল করেননি। ফলে ভবিষ্যতে তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই। তিনি দেশে ফিরলেই রায় কার্যকর করা হবে। এর কোনো বিকল্প নেই।

আপিলের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারায় বলা হয়েছে, দোষী সাব্যস্ত হওয়া ও দণ্ড প্রদানের তারিখ অথবা খালাস বা দণ্ড প্রদানের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এ সময়সীমা পার হলে আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।

তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ মনে করেন, কেউ দেশে ফিরে মামলা মোকাবিলা করতে চাইলে তাঁকে ট্রাভেল পাস দেওয়া উচিত। তাঁর ভাষ্য, বাংলাদেশে এমন কোনো নজির নেই যে আপিল বিভাগে যাওয়ার সুযোগ ছাড়াই কারও ফাঁসি কার্যকর করা হয়েছে। সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী, সম্পূর্ণ ন্যায়বিচারের স্বার্থে আপিল বিভাগ প্রয়োজনীয় আদেশ দিতে পারেন। সে ক্ষেত্রে বিলম্ব মার্জনার বিষয়টি আপিল বিভাগের এখতিয়ার। তাই আপিলের সুযোগ ছাড়াই মৃত্যুদণ্ড কার্যকরের দাবি আইনকে পাশ কাটানোর শামিল বলে মনে করেন তিনি।

সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদ্ঘাটন বা দাখিলের আদেশসহ আপিল বিভাগের বিচারাধীন যেকোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করতে পারবেন বিভাগটি।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত বছরের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের সব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের শহীদ পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মামলার পাঁচটি অভিযোগ দুই ভাগে বিভক্ত করে একটিতে মৃত্যুদণ্ড এবং অন্যটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর গত বছরের ১৫ ডিসেম্বর আমৃত্যু কারাদণ্ডের সাজা মৃত্যুদণ্ডে রূপান্তরের আবেদন করে প্রসিকিউশন। আবেদনটি এখনো নিষ্পত্তি হয়নি।

আপিল বিভাগে প্রসিকিউশনের করা আবেদন সম্পর্কে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার ইতিমধ্যে মৃত্যুদণ্ড হয়েছে। তাই সাজা কার্যকরের জন্য ওই আবেদনের শুনানি জরুরি নয়। প্রয়োজনে যেকোনো সময় আপিল বিভাগে থাকা আবেদন প্রত্যাহার করা যাবে। তাঁর মতে, সংবিধানের ১০৪ অনুচ্ছেদে থাকা সম্পূর্ণ ন্যায়বিচারের নীতির সুযোগ শেখ হাসিনা পাবেন না।

এর আগে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আযাদকে ২০১৩ সালে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তখন তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে চলতি বছরের ৬ জুলাই বিলম্ব মার্জনার আবেদনসহ আপিল করেন আবুল কালাম। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা স্থগিত রাখার আবেদনও করেন তিনি। তাঁর আপিলটি চেম্বার আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। তবে এখনো নিষ্পত্তি হয়নি।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজকের পত্রিকাকে বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকে আইন মেনেই ফিরতে হবে। মাওলানা আবুল কালাম আযাদের মামলাতেই দণ্ডিত ব্যক্তির আইনি অবস্থান পরিষ্কার হয়েছে। কারণ, এখনো আবুল কালামের আপিল গ্রহণ করা হয়নি।

এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্তের রায় বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। গত ৩ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্বাক্ষর করা চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু আজকের পত্রিকাকে বলেন, মাওলানা আবুল কালাম আযাদকে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় সরকার যে সুযোগ দিয়েছে, সেই নজির সামনে রয়েছে। তাই শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে তাঁকেও সেই সুযোগ দেওয়া উচিত। তিনি ফিরতে পারলে আপিল করার সুযোগও পাবেন। তবে আপিল বিভাগ লিভ টু আপিল মঞ্জুর করবেন কি না, সেটি সম্পূর্ণ আদালতের বিষয়।

অন্যদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির মনে করেন, প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো পথ খোলা নেই। তিনি বলেন, কারও পাসপোর্ট বাতিল হলে আপিল করতে হয়। নতুন করে পাসপোর্ট ইস্যুর আবেদন করা যায় না। আর পলাতক আসামি আইনের অধীনে কোনো আবেদন করতে পারেন না। শেখ হাসিনা ভারতে মানবিক আশ্রয়ে রয়েছেন।

সিরিয়ার উদাহরণ দিয়ে শিশির মনির বলেন, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর বাশার আল-আসাদকে আশ্রয় দেয় রাশিয়া সরকার। পরে তাঁর মৃত্যুদণ্ড হয়। তখন সিরিয়া সরকার রাশিয়ার কাছে আসাদকে হস্তান্তরের অনুরোধ জানালেও রাশিয়া তাতে রাজি হয়নি। বাংলাদেশ সরকারও ভারতকে অনুরোধ করলেও দেশটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এ অবস্থায় মানবিক কারণে আশ্রয় পাওয়া কোনো ব্যক্তি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬(১)(গ) ধারায় বলা হয়েছে, আবেদনকারী আবেদন জমা দেওয়ার ঠিক আগের পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের কোনো আদালতে নৈতিক স্খলনজনিত অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাঁকে পাসপোর্ট বা ভ্রমণ নথি দিতে অস্বীকৃতি জানানো যেতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।