মদনপুরে একতা সমবায়ের সভা, কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইনি পদক্ষেপের দাবি
তারেক হাসান চৌধুরী
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একতা সমবায় সুপার মার্কেটের ১০১ জন সদস্য ও ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আয়োজিত এ সভায় মার্কেটের পূর্ববর্তী কমিটির বিরুদ্ধে দোকান বরাদ্দের অগ্রিম জামানত বাবদ কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং মার্কেটের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের অধিকার ও আমানতের অর্থ উদ্ধারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মো. মাজহারুল ইসলাম ভূঁইয়া হিরন।
সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম হিরন মার্কেটের সাবেক সভাপতি সুরুজ মিয়ার বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে ব্যবসায়ীদের আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, দোকান বরাদ্দের অগ্রিম জামানত বাবদ ব্যবসায়ীরা যে কোটি কোটি টাকা জমা দিয়েছেন, সেই অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করাসহ আইনগত সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য পাওনা উদ্ধারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, কোনো দোকান মালিক বা ব্যবসায়ীর ওপর জোর-জুলুম কিংবা অন্যায় আচরণ বরদাশত করা হবে না। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না এবং বিনা কারণে কারও কাছ থেকে জরিমানা আদায় করা যাবে না। মার্কেটে পূর্বে প্রচলিত কঠোর জরিমানার নিয়ম আর বহাল থাকবে না। প্রত্যেক ব্যবসায়ী স্বাধীন ও স্বাভাবিক পরিবেশে তাঁদের ব্যবসা পরিচালনা করতে পারবেন।
মার্কেটের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মাজহারুল ইসলাম হিরন বলেন, মার্কেটের সব দোকান নিয়মিত খোলা রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা গেলে ক্রেতাদের আগ্রহ বাড়বে এবং ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ১০১ জন সদস্য ও ব্যবসায়ীরা সভাপতির বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা মার্কেটের সুষ্ঠু ব্যবস্থাপনা, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং আমানতের অর্থ উদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মার্কেটের সার্বিক উন্নয়নে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় জানানো হয়, একতা সমবায় সুপার মার্কেটের উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং অভিযোগের ভিত্তিতে আমানতের অর্থ উদ্ধারের বিষয়ে ভবিষ্যতেও আলোচনা অব্যাহত থাকবে।


